কালিয়ায় তিনজনকে হাতুড়িপেটা
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৩ | ১৪:১০ | আপডেট: ০৮ মে ২০২৩ | ১৪:১০
এলাকায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় এক পক্ষের দলনেতা সেলিম ফকিরসহ তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার উপজেলার ফুলদাহ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফুলদাহ গ্রামের সেলিম ফকির ও ফসিয়ার মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এতে প্রায়ই উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।
গত সোমবার দুপুরে সেলিম ফকির তার দুই সহযোগী একই গ্রামের শাহিনুর ফকির ও জাহাঙ্গীর ফকিরের সঙ্গে মোটরসাইকেলে কালিয়া থেকে বাড়ি ফিরছিলেন। পথে কালিয়া-নড়াইল সড়কের ফুলদাহ নামক স্থানে সবুজ মোল্যার নেতৃত্বে ফসিয়ার মোল্যা গ্রুপের ১০ থেকে ১৫ জন তাঁদের গতিরোধ করে। এ সময় সেলিম ফকির ও তাঁর দুই সহযোগীকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। এতে সেলিম ফকিরের একটি পা ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ফুলদাহ গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।
কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম বলেছেন, ঘটনাস্থলে পুলিশি টহল জোরদার করা হয়েছে। কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- হামলা
- আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব
- খুলনা
- নড়াইল