নির্বাচিত হলে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই: মেয়র লিটন
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৫ মে ২০২৩ | ১৫:১৫ | আপডেট: ১৫ মে ২০২৩ | ১৫:১৫
নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো শেষ করতে চান রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, পরবর্তী মেয়াদে সুযোগ পেলে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিতে চাই। আগামী পাঁচ বছর হবে কর্মসংস্থানের বছর। পিছিয়ে পড়া নগরী হবে কর্মচঞ্চল।
সোমবার নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশন আয়োজিত ঈদ পুনর্মিলনী উপলক্ষে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, ২০১৯ সালে ২ হাজার ৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দেন প্রধানমন্ত্রী। সেই বরাদ্দের ১ হাজার ২০০ কোটি টাকার কাজ করতে পেরেছি। অবশিষ্ট ১ হাজার ৫০০ কোটি টাকা অব্যবহৃত আছে। নির্বাচিত হলে আরও তিন থেকে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ এনে উন্নয়ন করতে চাই। নগরীর বর্তমান আয়তন বাড়িয়ে ৩৭০ কিলোমিটার করতে চাই।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম ও প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার। উপস্থিত ছিলেন প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন প্রমুখ।
- বিষয় :
- রাজশাহী
- মেয়র লিটন
- অসমাপ্ত কাজ
- উন্নয়ন প্রকল্প
