ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

পেকুয়ায় অপহৃত মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার, আটক ২

পেকুয়ায় অপহৃত মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার, আটক ২
×

প্রতীকী ছবি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯ | ১০:২৪

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া থেকে অপহৃত মাদ্রাসাছাত্র মো. আরাফাতের (৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে উপজেলার মগঘোনার ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় দু'জনকে আটক করা হয়েছে।

জানা গেছে, বারবাকিয়ার কাদিমাকাটা গ্রামের ওমান প্রবাসী রুহুল কাদেরের ছেলে ও ফাঁসিয়াখালী ফাজিল মাদ্রাসার নুরানি শাখার প্রথম শ্রেণির ছাত্র মো. আরাফাত গত বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ির মসজিদ সংলগ্ন মাঠে খেলাধুলা করছিল। এ সময় তার খালাতো ভাই মগনামা দরদরিঘোনা গ্রামের আবু তাহেরের ছেলে রায়হান ও তার বন্ধু মগনামা মিয়াজিঘোনা এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. মানিক আরাফাতকে ডেকে নিয়ে যায়। এরপর রায়হানসহ তার সহযোগী ওই ছাত্রকে অজ্ঞাত স্থানে রেখে খালা রুজিনা বেগমের কাছে মোবাইলফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেয়ে সন্ধ্যার দিকে ওই দুই ঘাতক মো. আরাফাতকে ইউনিয়ন পরিষদের পূর্বদিকে মগঘোনায় ধানক্ষেতে নিয়ে নির্মমভাবে হত্যা করে।

এদিকে অপহৃত আরাফাতের মা রুজিনা বিষয়টি পেকুয়া থানায় জানালে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। পুলিশ ঘাতক রায়হানকে নিজ বাড়ি থেকে ও তার সহযোগী মানিককে গোঁয়াখালী মাতবরপাড়ায় শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি মতে পেকুয়া থানার ওসি কামরুল আজমের নেতৃত্বে পুলিশ মগনামা ইউনিয়নের মগঘোনা মহিউদ্দিন মাঝির ধানক্ষেত থেকে রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করে।

ওসি কামরুল আজম জানান, এ ব্যাপারে পেকুয়া থানায় অপহরণ, মুক্তিপণ দাবি ও হত্যার অভিযোগে মামলা রুজু হয়েছে। ঘাতকদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×