ফরিদপুরে ব্যবসায়ী বিকাশ হত্যায় ৪ জনের ফাঁসি
প্রতীকী ছবি
ফরিদপুর অফিস
প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯ | ১০:৩০
ফরিদপুরের মুদিদোকানি বিকাশ সাহা হত্যা মামলায় চারজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়।
রোববার ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. কামরুন্নাহার বেগম এ রায় দেন। রায় ঘোষণার সময় চার আসামির মধ্যে তিনজন আদালতে উপস্থিত ছিল।
সাজাপ্রাপ্তরা হলো- আলামিন শেখ (পলাতক), স্বপন মুন্সী, নাহিদ শেখ ও আয়নাল শেখ। তাদের সবার বাড়ি ভাঙ্গা উপজেলার সদরদীর চৌধুরীকান্দায়।
ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পিপি এমএ সালাম সমকালকে জানান, ২০১৭ সালের ৩০ মার্চ ব্যবসায়ী বিকাশ সাহা ভাঙ্গা বাজার থেকে রাতে নিজ বাড়ি চৌধুরীকান্দায় ফিরছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে আসামিরা পরিকল্পিতভাবে তাকে অপহরণ করে হত্যা করে। এ ঘটনার পরের দিন নিহতের ভাই উত্তম কুমার সাহা বাদী হয়ে হত্যা মামলা করেন। ২০১৭ সালের ২৩ আগস্ট চারজনকে আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।
- বিষয় :
- ফরিদপুর
- বিকাশ সাহা হত্যা মামলা
- ফাঁসির রায়