ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

নাম ব্যঙ্গ করায় শিশু ভাইকে হত্যা করে বোন

নাম ব্যঙ্গ করায় শিশু ভাইকে হত্যা করে বোন
×

ছবি: গুগল

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯ | ১০:৪৭

নড়াইলের লোহাগড়ায় নাম ব্যঙ্গ করে ডাকায় ক্ষিপ্ত হয়ে শিশু রমজানকে শ্বাসরোধে হত্যা করেছে খালাতো বোন মীম আক্তার (১৩)। শনিবার সন্ধ্যায় নড়াইলের আমলি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সপ্তম শ্রেণির ছাত্রী মীম।

জানা গেছে, লোহাগড়া পৌরসভার সিংগা গ্রামে নানাবাড়িতে বসবাস করত খালাতো ভাইবোন রমজান ও মীম। মীমকে ব্যঙ্গ করে 'ডিম' বলে প্রায়ই ক্ষ্যাপাত রমজান। বুধবার দুপুরে ক্ষ্যাপাতে থাকলে রমজানকে মারধর করে মীম। একপর্যায়ে রমজান বাড়ির উঠানে পড়ে গেলে মীম তার গলা চেপে ধরে। এতে শ্বাসরোধে রমজানের মৃত্যু হয়। এরপর রমজানের মামী পুতুল বেগম রমজানের লাশ নিয়ে পাশের ডোবায় ফেলে আসে। বিষয়টি দেখতে পায় রমজানের সমবয়সী মামাতো বোন ময়না। খুনের ঘটনায় শিশুটির নানা হাবিবুর রহমান গত শুক্রবার লোহাগড়া থানায় মামলা করেন। পুলিশ এর আগে শিশুটির বাবা, মামা, খালা ও খালুকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানার এসআই মিলটন কুমার দেবদাস বলেন, প্রথম থেকেই স্বজনদের দিকে সন্দেহের তীর ছিল। শনিবার রমজানের মামী, খালাতো বোন, মামাতো বোনসহ সহপাঠী বন্ধুদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। একপর্যায়ে মীম হত্যাকাণ্ডের বর্ণনা দেয়। পরে সন্ধ্যায় নড়াইলের আমলি আদালতের বিচারক আমাতুল মোর্শেদার কাছে ১৬৪ ধারায় মীম এবং রোববার বিকেলে মামী পুতুল বেগম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

আরও পড়ুন

×