ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রাজশাহীতে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করা হবে: লিটন

রাজশাহীতে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করা হবে: লিটন
×

ছবি- শরিফুল ইসলাম তোতা/সমকাল

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৪ জুন ২০২৩ | ১৫:০২ | আপডেট: ১৪ জুন ২০২৩ | ১৫:০২

জয়ী হলে রাজশাহীতে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

বুধবার নগরীর ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন। পথসভায় বক্তৃতাকালে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান লিটন।

তিনি বলেন, আগের মেয়াদে ২ হাজার ৭০০ কোটি টাকার বাজেট পেয়েছিলাম। ১ হাজার ২০০ কোটি টাকার মতো কাজ করতে পেরেছি। আগামীতে নগরীতে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন করা হবে।

অন্য প্রার্থীদের উদ্দেশে লিটন বলেন, বিএনপিকে বারবার অনুরোধ করার পরও তারা নির্বাচনে আসেনি। নির্বাচনের মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল, তারাও বরিশালের একটি ঘটনার অজুহাত দেখিয়ে নির্বাচন বর্জন করেছে।

তিনি বলেন, তারা (ইসলামী আন্দোলন) বরিশালে ভেবেছিল বিএনপি-জামায়াতের ভোট পেয়ে এবং আওয়ামী লীগের দ্বন্দ্বের কারণে জয়ী হবে। কিন্তু তারা জানত না কঠিন সময়ে আওয়ামী লীগ এক হয়ে যায়। বরিশালে নৌকার জয় হয়েছে। তাই মুখ রক্ষার জন্য এখন তারা নির্বাচন বর্জন করেছে।

পথসভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মহানগর জাসদের সভাপতি আবদুল্লাহ-আল-মাসুদ শিবলী, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু।

আরও পড়ুন

×