ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নদী দখল করে বাঁধ নির্মাণ, নৌ চলাচল ব্যাহত

নদী দখল করে বাঁধ নির্মাণ, নৌ চলাচল ব্যাহত
×

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৫ জুন ২০২৩ | ০৪:১৩

কুমিল্লার হোমনায় মধুকুপি নদী দখল করে মার্কেট নির্মাণের চেষ্টা চলছে। মাটি ভরাটের জন্য গজারি গাছ ও বাঁশের বাঁধ দেওয়ার অভিযোগ উঠেছে। নদীতে বাঁধ দেওয়ার কারণে নৌ চলাচল ব্যাহত হচ্ছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দুই মাসের বেশি সময় ধরে নদীতে বাঁধ দিয়ে রাখলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।

খোঁজ নিয়ে জানা গেছে, টেকের বাজারের কাঁঠালিয়া নদী থেকে উৎপন্ন হয়েছে মধুকুপি। নদীটি মধ্যকান্দি-মুন্সীকান্দি ও হরিপুর হয়ে ঘারমোড়ায় গিয়ে তিতাসে মিলিত হয়েছে। দীর্ঘ ১২ কিলোমিটার এই নদী দিয়ে প্রতিদিন যাতায়াত করে পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রলার।

সরেজমিন দেখা গেছে, হোমনা-গৌরীপুর-ঢাকা সড়কের হরিপুর সেতুর পশ্চিম পাশে মধুকুপি নদীর প্রায় ৪০ শতাংশ জায়গা দখল করে গজারি গাছ ও বাঁশ দিয়ে বাঁধ দেওয়া হয়েছে। এই বাঁধের কারণে দুটি নৌকা পাশাপাশি চলা অসম্ভব হয়ে পড়েছে। মার্কেট নির্মাণের জন্য বাঁধটি দিয়েছেন বিজয়নগর গ্রামের হাবিবুর রহমান নামে এক ব্যক্তি।

হরিপুর গ্রামের শামসুল ইসলাম জানান, এভাবে বাঁধ দিয়ে ভরাট করলে নদী তো থাকবে না। দুই মাসের বেশি সময় হয়ে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।

তবে নদীতে বাঁধ নির্মাণকারী হাবিবুর রহমান বলেন, ‘যেখানে বাঁধ দিয়েছি, সেটি আমাদের নিজস্ব জায়গা।’

তবে মাথাভাঙ্গা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘নদীতে বাঁধ দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে বাধা দিয়েছি। তিনি বলেছেন, কিছু দিনের মধ্যে বাঁধটি অপসারণ করবেন। ৩০ মের মধ্যে বাঁধটি অপসারণের কথা ছিল।’

মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের ভাষ্য, নদীর জায়গায় বাঁধ দেওয়ার খবর পেয়ে কিছুদিন আগে ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। বাঁধটি তুলে নিয়ে যেতে বলা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান জানান, ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে দ্রুত কাঠের গুঁড়ি ও বাঁশ উঠিয়ে নিতে বলা হয়েছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×