স্ত্রী তালাক দেওয়ায় শ্বশুরকে হত্যা: জামাতার যাবজ্জীবন
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৫ জুন ২০২৩ | ১৩:৩২ | আপডেট: ১৫ জুন ২০২৩ | ১৩:৪১
ফরিদপুরে শ্বশুর তোতা মিয়াকে হত্যার দায়ে জামাতা আমিন ভূইয়াকে (৪১) সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ আদেশ দেন।
আমিন ভূইয়া সদরপুর উপজেলার সদর ইউনিয়নের নয়রশি গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন। পরে তাকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সানোয়ার হোসেন রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
নিহত তোতা মিয়া সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের গফুর মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা। ২০১৭ সালের তিনি হত্যাকাণ্ডের শিকার হন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০২ সালে তোতা মিয়ার মেয়ে আজুফা বেগমের (৩৮) সঙ্গে আমিন ভূইয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে আমিন ভূইয়া বিভিন্ন সময় যৌতুকের জন্য আজুফাকে নির্যাতন করে আসছিল। নির্যাতনে অতিষ্ট হয়ে ২০১৭ সালের ১৭ জানুয়ারি স্বামীকে তালাকনামা পাঠান আজুফা। এতে তার স্বামী আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।
এর তিনদিন পর ২০ জানুয়ারি শ্বশুর বাড়ি এসে শ্বশুর তোতা মিয়াকে আঘাত করেন আমিন ভূইয়া। এতে তিনি গুরুতর আহত হন। পরদিন বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে ২২ জানুয়ারি আমিন ভূইয়া ও অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে সদরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. আফসার উদ্দিন মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর আমিন ভূইয়াকে একমাত্র অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।
- বিষয় :
- হত্যা
- জামাতা
- শ্বশুর
- যাবজ্জীবন
- যাবজ্জীবন কারাদণ্ড
