বরিশালে ভোলার গ্যাস সরবরাহের দাবিতে নাগরিক আন্দোলন গঠন
ভোলা শহরের মিউনিসিপালিটি কো-অপারেটিভ কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় - সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৫ জুন ২০২৩ | ১৪:১৯ | আপডেট: ১৫ জুন ২০২৩ | ১৪:১৯
ভোলার গ্যাস ঢাকায় সরবরাহে ইন্ট্রাকোর সঙ্গে চুক্তি বাতিল করে বরিশালে সরবরাহের দাবিতে গঠন করা হয়েছে ‘ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন’। দাবি আদায়ে প্রয়োজনবোধে বরিশাল থেকে ভোলায় রোডমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।
বৃহস্পতিবার ভোলা শহরের মিউনিসিপালিটি কো-অপারেটিভ কার্যালয়ে মতবিনিময় সভার মাধ্যমে সংগঠনটি গঠন করা হয়। এতে সভাপত্বি করেন ‘ঘরে ঘরে গ্যাস চাই’ আন্দোলনের সংগঠক ও ভোলা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বির উল্লাহ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের বরিশাল জেলা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী। সভায় মোবাশ্বির উল্লাহকে আহ্বায়ক ও ডা. মনিষাকে সদস্য সচিব করে ‘ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলনে’র কমিটি গঠিত হয়।
সভায় নেতারা বলেন, ২০১৮ সালে বরিশালে অনুষ্ঠিত সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলার গ্যাস বরিশালের কলকারখানা ও আবাসিক খাতে সংযোগ দেওয়ার ঘোষণা দেন। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো ব্যবস্থা গ্রহণ না করেই সেই গ্যাস ঢাকার শিল্পাঞ্চলে সরবরাহের জন্য ইন্ট্রাকো নামক কোম্পানির সঙ্গে চুক্তি করেছে সরকার। এটা দক্ষিণাঞ্চলবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। ওই চুক্তি বাতিল ও ভোলার গ্যাস বরিশালে সরবরাহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে বিভাগের প্রতিটি জেলায় আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত হয় সভাতে। আগামী জুলাই বরিশালের বিভাগীয় কমিশনার কার্যালয় দপ্তরের সামনে ও ভোলা জেলা প্রশাসক দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নেতারা।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ভোলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ অপু, নাগরিক প্রতিনিধি বাহাউদ্দিন ও হাফেজ মুহাম্মদ বনি আমিন, ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলনের সংগঠক শওকত হোসেন, সাংবাদিক নিয়ামত উল্লাহ ও শ্রমিক ফ্রন্ট নেতা মানিক হাওলাদার প্রমুখ।
- বিষয় :
- ভোলা
- ভোলার গ্যাস
- চুক্তি বাতিল
- রোডমার্চ কর্মসূচি
