ডুয়েটে দুই দিনের আন্তর্জাতিক কনফারেন্স শুরু
ছবি-সমকাল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২৩ | ১৬:৫৮ | আপডেট: ১৬ জুন ২০২৩ | ১৬:৫৮
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। শুক্রবার সকালে নেক্সট জেনারেশন কম্পিউটিং, আইওটি অ্যান্ড মেশিন লার্নিং বিষয়ক এ কনফারেন্স শুরু হয়। এতে ১১টি দেশের দুই শতাধিক গবেষক অংশ নিচ্ছেন।
ডুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে শহীদ আহ্সান উল্লাহ্ মাস্টার অডিটোরিয়ামে এর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। তিনি এ সময় বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই মাহেন্দ্রক্ষণে ডুয়েটের এই আন্তর্জাতিক কনফারেন্স গুরুত্বের দাবি রাখে। এখান থেকে প্রাপ্ত জ্ঞান ও সুপারিশ দেশ-জাতি গঠনে ভূমিকা পালন করবে।
সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, আই-ইইই কম্পিউটার সোসাইটির চ্যাপ্টারের চেয়ার অধ্যাপক ড. মো. শামসুল আরেফিন, অরগানাইজিং সেক্রেটারি ও সিএসই বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম প্রমুখ।
- বিষয় :
- ডুয়েট
- আন্তর্জাতিক কনফারেন্স
