সৌদিতে বাংলাদেশির বস্তাবন্দি লাশ উদ্ধার, গ্রেপ্তার ৮
নিহত জামাল উদ্দিন- আগের ছবি
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুন ২০২৩ | ১৫:১৯ | আপডেট: ১৭ জুন ২০২৩ | ১৫:১৯
সৌদি আরবে জামাল উদ্দিন (৫৫) নামে এক বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রিয়াদ শহরের একটি বাসা থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে আট বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
জামাল উদ্দিন ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। ইউপি সদস্য আবুল কালাম আজাদ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্র জানায়, ১৯৯১ সালে সৌদি আরবে যান জামাল। এর পর প্রায় ৩০ বছর ধরে তিনি রিয়াদ শহরের সাফা মক্কা হাসপাতালের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন। মাঝে মাঝে দেশে আসতেন জামাল। তাঁর একমাত্র ছেলে আবু সাঈদ ৭-৮ মাস আগে সৌদি আরবে যান। তিনি মক্কা শহরে থাকেন। গাড়ি চালানোর পাশাপাশি সবজির ব্যবসা করতেন এবং গাড়ি চালানো শেখাতেন জামাল। কিছুদিন আগে ব্যবসা নিয়ে দেশের কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় বাঙালি কমিউনিটির লোকজন মীমাংসা করে দিলেও প্রতিপক্ষদের মনে ক্ষোভ থেকে যায়। এর জেরে গত মঙ্গলবার জামালকে কুপিয়ে হত্যা করে লাশ বস্তাবন্দি করে রাখে তারা। শুক্রবার সকালে আবু সাইদ বাবার খোঁজে বাসায় গিয়ে কক্ষ তালাবদ্ধ পান। ভেতর থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি পুলিশকে জানান তিনি। এর পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাফা মক্কা হাসপাতাল মর্গে পাঠায়।
ছেলের বরাত দিয়ে জামালের স্ত্রী ফরিদা আক্তার জানান, তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর হাত ও পায়ের রগ কাটা ছিল। জামালের স্বজন দিদার জানান, লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।
সৌদি আরবে থাকা জামালের আরেক স্বজন সেলিম উল্লাহ মোবাইল ফোনে জানান, এ ঘটনায় সৌদির সিআইডি পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছে। দাগনভূঞা থানার ওসি হাসান ইমাম বলেন, তিনি বিষয়টি শুনেছেন।
