ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

সরকারি বিদ্যালয়ের ৭ মণ পুরোনো বই বিক্রির সময় জব্দ

সরকারি বিদ্যালয়ের  ৭ মণ পুরোনো বই বিক্রির সময় জব্দ
×

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৩ | ১৮:০০

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ওজন দরে বিক্রির সময় ৭ মণ পুরোনো বই ও ভাঙা আসবাব জব্দ করা হয়েছে। জব্দ জিনিসপত্র মাসকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বিদ্যালয়ের উন্নয়নের কথা বলে কমিটির সিদ্ধান্ত ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অনুমতি ছাড়াই পুরোনো বই ও নির্মাণসামগ্রী ১৪ হাজার ৭০০ টাকায় বিক্রি করে দেন। মাসকা বাজারের ইজারাদার বদরুল ইসলাম বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে বই ও অন্যান্য সামগ্রী আটক করে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে খবর পাঠান। উপজেলা শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম ও সহকারী শিক্ষা কর্মকর্তা মির্জা মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে পুরোনো বই ও অন্যান্য সামগ্রী জব্দ করেন। জব্দ জিনিসপত্র উপজেলা শিক্ষা অফিসের গুদামে রাখা হয়েছে।

প্রধান শিক্ষক নজরুল ইসলামের ভাষ্য, বিদ্যালয়ের উন্নয়ন কাজে ব্যবহার করতে সরল মনে পুরোনো বই  বিক্রি করেছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, পুরোনো বই ও অন্যান্য নির্মাণসামগ্রী ১৪ হাজার ৭০০ টাকায় বিক্রি করেছিলেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম। এসব বিক্রির ক্ষেত্রে অনুমতি নেওয়ার দরকার থাকলেও তা নেননি। এটি তাঁর অন্যায়। এ জন্য প্রধান শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে।

আরও পড়ুন

×