ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রংপুরে সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের

রংপুরে সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
×

ছবি: সমকাল

রংপুর অফিস

প্রকাশ: ২৩ জুন ২০২৩ | ১০:৪৮ | আপডেট: ২৩ জুন ২০২৩ | ১০:৪৮

রংপুরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে নগরীর হাজিরহাটের ছিট কেল্লাবন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, রংপুর সদর উপজেলার হরিদেবপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে হুমায়ুন আহমেদ (৩২) ও নগরীর বক্তিয়ারপুর এলাকার শামসুল হকের ছেলে লিটন মিয়া (২৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ছিট কেল্লাবন্দ এলাকার এনামুল হকের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ শুরু করেন হুমায়ূন আহমেদ। ট্যাংকে জমে থাকে গ্যাসে তিনি অচেতন হয়ে পড়েন। তাকে বাঁচাতে ট্যাংকে নামেন আরেক শ্রমিক লিটন মিয়া। সেখানে অক্সিজেন স্বল্পতাসহ জমে থাকা গ্যাসে শ্বাসকষ্টে তারা মারা যান। খবর পেয়ে দুপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

বাড়ির মালিক এনামুল হক জানান, এক মাস আগে সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। কিছু কাজ বাকি থাকায় নির্মাণশ্রমিকরা আজ আবারও কাজ শুরু করেন। কাজের সময় দম বন্ধ হয়ে তারা মারা যান। 

বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন হাজিরহাট থানার ওসি রাজিব বসুনিয়া জানান, নিহত শ্রমিকের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন

×