‘আই লাভ কাউখালী ভিউ’ স্থাপনা ভেঙে দিল দুর্বৃত্তরা
ভেঙে ফেলা ‘আই লাভ কাউখালী ভিউ’ স্থাপনা। ছবি: সমকাল
রাঙামাটি অফিস ও কাউখালী প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৩ | ১৬:১৯ | আপডেট: ২৪ জুন ২০২৩ | ১৬:১৯
কাউখালী উপজেলায় পর্যটকের আকর্ষণীয় ‘আই লাভ কাউখালী ভিউ’ স্থাপনাটি ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে উপজেলা প্রশাসন। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।
জানা গেছে, ৩ নম্বর ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া এলাকায় রয়েছে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য। পর্যটকের পছন্দের স্থান হওয়ায় এখানে ‘আই লাভ কাউখালী ভিউ’ নামে একটি স্থাপনা তৈরি করে উপজেলা প্রশাসন। বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটক এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেন। কিন্তু শুক্রবার রাতে দুর্বৃত্তরা স্থাপনাটি ভেঙে দেয়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়া জানান, ঘটনা তদন্ত করা হচ্ছে। এর আগেও স্থাপনাটি ভাঙার চেষ্টা হয়েছিল। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
