ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়: সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়: সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
×

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৫ জুন ২০২৩ | ১৭:০৫ | আপডেট: ২৫ জুন ২০২৩ | ১৭:০৫

নিয়োগ বাণিজ্যের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোর্শেদ আহমেদ চৌধুরী ও সাবেক রেজিস্ট্রার নাঈমুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সিলেট মহানগর জজ আদালতের জ্যেষ্ঠ বিশেষ জজ এ কিউ এম নাছির উদ্দিন এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেটের সরকারি কৌঁসুলি আলী মর্তুজা কিবরিয়া রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তাঁদের বিরুদ্ধে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ অবস্থায় দুদক বিভিন্ন মারফতে খবর পেয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের দেশ ছেড়ে পালানোর আশঙ্কা আছে। তাই দুদকের পক্ষ থেকে মঙ্গলবার বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনোয়ার হোসেন আদালতে আবেদন করেন। আদালত আগামী ৬০ দিনের জন্য তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

দুদক সূত্র জানায়, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর উপাচার্য ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের যোগসাজশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিশ্ববিদ্যালয় আইন লঙ্ঘন করে বিভিন্ন পদে অ্যাডহক ভিত্তিতে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।

আইন অনুযায়ী, ইউজিসির অনুমোদিত পদে নিয়োগের ক্ষেত্রে সিন্ডিকেটের পূর্বানুমতির প্রয়োজন হয়। এসব নিয়মনীতির তোয়াক্কা না করে তাঁরা অর্থের বিনিময়ে তিন শতাধিক লোককে অ্যাডহক নিয়োগ দেন। বিশ্বিবদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস স্থাপন ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমে মনোযোগ না দিয়ে, শীর্ষ দুই কর্মকর্তা অনিয়ম-দুর্নীতিতে ব্যস্ত হয়ে পড়েন। 

আরও পড়ুন

×