গরুর ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় আটক ২
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২৩ | ০৭:২৭ | আপডেট: ২৮ জুন ২০২৩ | ০৭:২৭
গরুর ট্রাক এবং অন্য যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় দুজনকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বাসি মং মারমা (৪৫) ও অংসি মং মারমা (৩৫)। তারা উপজেলার চন্দ্রঘোনার কারিগর পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, কাপ্তাই উপজেলার বালুচরা স্টিল ব্রিজ এলাকায় কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যানবাহন থামিয়ে ৫-৬ জন সশস্ত্র ব্যক্তি চাঁদা আদায় করছে এমন সংবাদ পেয়ে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে দুজনকে আটক করা হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন পালিয়ে যায়। আটক ব্যক্তিদের কাছ থেকে ১টি এলজি, ৩ রাউন্ড কার্তুজ ও চাঁদার টাকা উদ্ধার করা হয়।
সূত্র জানায়, বাসি মং মারমার বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, তাদের বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
