ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব: রংপুর সিটি মেয়র

৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব: রংপুর সিটি মেয়র
×

রংপুর সিটির বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা - সমকাল

রংপুর অফিস

প্রকাশ: ২৯ জুন ২০২৩ | ১১:৪৪ | আপডেট: ২৯ জুন ২০২৩ | ১১:৪৪

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, নির্ধারিত স্থানে কোরবানির বর্জ্য ফেললে ১২ ঘণ্টা নয়, ৮ ঘণ্টায় বর্জ্য অপসারণ করা সম্ভব।

বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর শাপলা চত্ত্বরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মোস্তাফিজার রহমান বলেন, সকল জায়গা থেকে বর্জ্য অপসারণের পর দেখা যায়, মানুষ আবারও কোরবানির বর্জ্য ফেলছে। এতে করে বর্জ্য অপসারণে ১২ ঘণ্টা লেগে যায়। এ বছর নগরবাসী সচেতন হওয়ায় ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে পারবো বলে মনে করছি।

তিনি বলেন, কোরবানির বর্জ্য অপসারণে তিনটি জোন কাজ করছে। প্রত্যেকটি জোনে ১১টি করে ওয়ার্ড রয়েছে। প্রত্যেকটি জোনের আলাদা কনজারভেন্সি ইন্সপেক্টর, গাড়ি, লেবার রয়েছে। এ বছর নগরবাসী ‘আমার শহর, আমি রাখবো পরিস্কার’ স্লোগান মেনে চললে বর্জ্য অপসারণ করা সহজ হয়।

রংপুর সিটি মেয়র বলেন, এ বছর ২০০ থেকে ২৫০ টন কোরবানির বর্জ্য হবে বলে ধারণা করা হচ্ছে। এজন্য সিটি করপোরেশনের সাড়ে ৬০০ জনবলসহ মোট এক হাজার ৯৩ জন কর্মী বর্জ্য অপসারণ কাজে নিয়োজিত রয়েছে।

তিনি আরও বলেন, সিটি করপোরেশনের প্যানেল মেয়র, নির্বাহী ম্যাজিস্ট্রেট বর্জ্য অপসারণের কাজ মনিটরিং করছেন। এ ছাড়া বর্ধিত এলাকায় হাট-বাজারে ডাম্পিং ইয়ার্ডও করা হয়েছে। সবাই যদি ওই স্থানে কোরবানির বর্জ্য ফেলেন তাহলে অপসারণ সহজ হবে।

এ সময় রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহবুবার রহমান মঞ্জু, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান মিজানুর রহমান মিজুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×