সিলেটে ইজিবাইককে নিয়ে খাদে পড়ল বাস, হতাহতের শঙ্কা
উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা- সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৭ জুলাই ২০২৩ | ১৭:৪৩ | আপডেট: ০৭ জুলাই ২০২৩ | ১৭:৪৩
সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে (টমটম) চাপা দিয়ে খাদে ফেলে দিয়েছে। ওই সমায় বাসটিও খাদে পড়ে যায়। বাসের চাপায় খাদে পড়ে টমটমের অধিকাংশ যাত্রী নিহত হয়েছেন বলে আশঙ্কা স্খানীয়দের। এ দুর্ঘটনায় বাসের যাত্রীসহ আহত হয়েছন অনেকে। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার দরবস্ত এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্টরা। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করলে মানুষের ভিড়, অন্ধকার ও বৃষ্টির কারণে বিঘ্ন ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার জানিয়েছেন, খবর পেয়ে তিনিও সেখানে যান। জানতে পারেন একটি বাস টমটমকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিয়ে নিজেও পড়ে যায়। ঘটনাস্থলেই ৫ জন মারা গেছেন বলে তিনি শুনেছেন।
তামাবিল হাইওয়ে থানার ওসি আবুল কাশেম জানান, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান চালিয়েছেন। দুইজন মারা গেছেন এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
তবে জৈন্তাপুর থানার ওসি ওমর ফারুক জানিয়েছেন, হতাহতরা স্থানীয় হওয়ায় শতশত লোক সেখানে ভিড় করে। ভিড়ের কারণে হতাহতদের সংখ্যা কিংবা তাদের শনাক্ত করা যাচ্ছে না। আতদের মধ্যে কয়েকজনকে সিলেটে ও বাকিদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।
বাসের পেছনের একটি গাড়ির যাত্রী স্থানীয় বাসিন্দা আব্দুল হাই আল হাদি সমকালকে জানান, সিলেট থেকে তামাবিলগামী বাসটি রং সাইডে গিয়ে টমটমকে চাপা দেয়। তারপর টমটম ও বাস খাদে পড়ে যায়। তখন অন্ধকার ছিল। বৃষ্টিও পড়ছিল। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানকালে সমস্যা হয়। তিনি জানান, টমটমে ৮ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৫ জন মারা গেছেন বলে শুনেছেন।
