প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুলাই ২০২৩ | ২২:৫১ | আপডেট: ০৯ জুলাই ২০২৩ | ২২:৫১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কিউ জাতের ৯৮০ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা।
শনিবার বিকেলে সাড়ে ৬টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০০টি কার্টনে ৭০০ পিস আনারস পাঠানো হয়।
আখাউড়া-আগরতলা স্থলবন্দরের শূন্যরেখায় ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া ও সহকারী পরিচালক ড. দীপক বৈদ্যের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আনারসগুলো নিয়ে আসে। পরে চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনের প্রতিনিধি নবুল সানোয়ালের হাতে তুলে দেওয়া হয়।
ড. দীপক বৈদ্য বলেন, দুই দেশের মধ্যে উজ্জ্বল দৃষ্টান্তের বহিঃপ্রকাশ হচ্ছে ফল আদান-প্রদান। আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে আনারস পাঠাচ্ছেন। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠিয়েছিলেন। তিনি বলেন, আমরা এ আনারস পাঠিয়ে গর্ববোধ করছি। আশা করছি, এর মাধ্যমে দুই দেশের মধ্যে সম্প্রীতি আরও বাড়বে ও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের আরও উন্নতি ঘটবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন আগরতলা স্থলবন্দরের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন। আখাউড়া আইসিপি কমান্ডার হাবিলদার মো. শাহআলম প্রমুখ।
এর আগে গত ১৫ জুন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫০০ কেজি হারিভাঙ্গা জাতের আম উপহার হিসেবে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
