মুক্তিযোদ্ধার ভুয়া সনদ ও দলিল বানাতেন তারা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১১ জুলাই ২০২৩ | ১৬:২৩ | আপডেট: ১১ জুলাই ২০২৩ | ১৬:২৩
গ্রেপ্তার নগরীর পূর্ব মোল্লাপাড়া এলাকার আনিসুর রহমান ওরফে রেজাউল দীর্ঘদিন ধরে সনদ জালিয়াতি ও ভুয়া দলিল তৈরি করে আসছেন। তাঁকে সহযোগিতা করতেন কোর্ট বুলনপুর এলাকার শেখ রেজওয়ানুল করিম সানিক।
মঙ্গলবার র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
র্যাব জানায়, আনিসুর রহমান ভুয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরি করতেন। তিনি মুক্তিযোদ্ধাদের যুদ্ধে অংশগ্রহণের প্রমাণ হিসেবে ব্যবহৃত অস্ত্র জমা দেওয়ার সনদও (জালিয়াতি) প্রস্তুত করে দিতেন। বিভিন্ন অঙ্কের টাকার বিনিময়ে তিনি এসব করতেন।
এ ছাড়া জমি দখলদারদের পাকিস্তান আমলের পুরোনো দলিলও তৈরি করে দিতেন। তিনি পাকিস্তানি জাল দলিলের জন্য কালিকলম এবং পুরোনো দলিল তৈরি করতে সরকারি কর্মকর্তাদের সিল ব্যবহার করতেন। তাঁর কাছ থেকে র্যাব ২০৫টি ভুয়া সিলমোহর উদ্ধার করেছে।
র্যাব জানায়, অভিযানকালে স্বাধীনতা সংগ্রামের ভুয়া ১৪টি সনদপত্র, ফাঁকা ১৫টি সনদ, দুই হাজার ৫৪৮টি বাংলাদেশি স্ট্যাম্প, ৮৩৩টি পাকিস্তানি বিভিন্ন অঙ্কের স্ট্যাম্প, ভারতীয় বিভিন্ন অঙ্কের ২৫৩টি স্ট্যাম্প, জাল-জালিয়াতিতে ব্যবহৃত বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম ও পদবিসংবলিত ভুয়া সিল ২০৫টি, দুটি করে বাংলাদেশ ও পাকিস্তানের রাষ্ট্রীয় মনোগ্রামসংবলিত লোহার পাত, জালিয়াতির কাজে ব্যবহৃত দোয়াত-কলম তিনটি, দোয়াত কালি একটি, স্ট্যাম্প প্যাড একটি, মোবাইল দুটি ও চারটি সিমকার্ড জব্দ করা হয়। গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে রাজশাহী নগরীর রাজপাড়া থানায় জাল-জালিয়াতি ও প্রতারণা মামলা হয়েছে।
