ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ময়মনসিংহে খেলাফত মজলিসের সমাবেশ শুক্রবার

ময়মনসিংহে খেলাফত মজলিসের সমাবেশ শুক্রবার
×

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২০ জুলাই ২০২৩ | ২৩:১১ | আপডেট: ২০ জুলাই ২০২৩ | ২৩:১১

ময়মনসিংহে বড় জমায়েত করতে যাচ্ছে খেলাফত মজলিস। শুক্রবার নগরীর টাউন হল চত্বরে প্রথমবারের মতো বড় পরিসরে জনসভা করবে দলটি। নেতাকর্মীর দাবি– আট থেকে ১০ হাজার লোকের সমাগম হবে। আট দফা বাস্তবায়নের দাবিতে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী।

গত ১০ বছরের মধ্যে বড় কোনো সমাবেশ করতে পারেনি খেলাফত মজলিস। দীর্ঘদিন পর আজ শুক্রবার বাদ জুমা ময়মনসিংহে সমাবেশ করতে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। এতে যোগ দেবেন জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলের নেতাকর্মী।

খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত আট দফা দাবির মধ্যে রয়েছে– দলনিরপেক্ষ নির্বাচলকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করা, দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ, গ্রেপ্তার আলেম ওলামা ও নেতাকর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহার, রাজনৈতিক সভা-সমাবেশের অবাধ সুযোগ নিশ্চিত, পণ্যমূল্য কমিয়ে জনদুর্ভোগ লাঘব ও দুর্নীতি নির্মূল, বেকার সমস্যা সমাধান ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগদান, ধর্মীয় শিক্ষা সংকোচন নীতি বন্ধ ও বিতর্কিত পাঠ্যক্রম বাতিল।

জনসভায় সভাপতিত্ব করবেন ময়মনসিংহ জোনের সহকারী পরিচালক অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম। বক্তব্য দেবেন– খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস মাওলানা ছালাউদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক ও সহকারী জোন পরিচালক সাহাব উদ্দিন আহমদ খন্দকার, ময়মনসিংহ জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল আহাদ, টাঙ্গাইল জেলা সভাপতি মুফতি আবু তাহের তালুকদার, নেত্রকোনা জেলা সভাপতি, মুফতি মাওলানা নূরুল হক প্রমুখ।

দলটির ময়মনসিংহ জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম বলেন, প্রশাসনের কাছে সমাবেশ করতে লিখিত অনুমতি চেয়ে মৌখিক অনুমতি পেয়েছেন। গত ১০ বছরের মধ্যে বড় সমাবেশ করতে না পারলেও এবার ছয় জেলা নিয়ে বড় পরিসরে সমাবেশটি হতে যাচ্ছে।

  


আরও পড়ুন

×