খুলনায় এখনও মিছিল-সমাবেশের অনুমতি পায়নি জামায়াত ও খেলাফত
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১১:০৯ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ১১:০৯
আগামী ২৮ জুলাই মিছিল করার জন্য এখনও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অনুমতি পায়নি মহানগর জামায়াতে ইসলামী। এছাড়া আজ ২৭ জুলাই বিভাগীয় সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে এখনও পায়নি খেলাফত মজলিস।
মহানগর জামায়াত সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ জুলাই বিকাল ৪টায় নগরীর নিউমার্কেট বায়তুন নূর মসজিদ চত্বর থেকে ফেরিঘাট মোড়ের সোনালী ব্যাংক চত্বর পর্যন্ত মিছিল করতে চায় জামায়াত। এজন্য গত ২৪ জুলাই জামায়াতের পক্ষ থেকে কেএমপিতে লিখিত আবেদন করা হয়। জামায়াতের ৫ সদস্যের একটি প্রতিনিধিদল কেএমপিতে গিয়ে চিঠি দিয়ে আসে।
মহানগর জামায়াতের সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল জানান, কেএমপির পক্ষ থেকে পরে সিদ্ধান্ত জানাতে চেয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত অনুমতি মেলেনি। কেন্দ্রীয় কর্মসূচি পালনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। ওই দিন সব বিভাগীয় শহরে মিছিল করার কথা রয়েছে। অন্য শহরে অনুমতি দেয় কিনা তা দেখে এবং কেন্দ্রের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, দলের আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এ কর্মসূচি দিয়েছে দলের কেন্দ্রীয় কমিটি।
এদিকে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ৮ দফা দাবিতে আজ ২৭ জুলাই বেলা তিনটায় নগরীর ডাকবাংলো মোড়ে বিভাগীয় সমাবেশ করতে চায় খেলাফত মজলিসের খুলনা বিভাগীয় শাখা। এজন্য তারাও কেএমপির অনুমতি চেয়ে চিঠি দিয়েছে। কিন্তু এখনও অনুমতি মেলেনি। সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক কেএমপির একজন উপ-কমিশনার জানান, জামায়াতের মিছিলের জন্য হয়তো অনুমতি দেওয়া নাও হতে পারে। তবে খেলাফত মজলিসকে অনুমতি দেওয়ার সম্ভাবনা রয়েছে।