ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

হজের টাকা আত্মসাতের অভিযোগে সিলেটে মামলা, গ্রেপ্তার ২

হজের টাকা আত্মসাতের অভিযোগে সিলেটে মামলা, গ্রেপ্তার ২
×

প্রতীকী ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩ | ১৩:০২ | আপডেট: ২৭ জুলাই ২০২৩ | ১৩:০৪

টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর কুড়িল এলাকার একটি হজ এজেন্সির বিরুদ্ধে সিলেটে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে প্রায় ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় এ মামলা হয়। সিলেট নগরীর কুয়ারপাড় এলাকার বাসিন্দা রেজাউল করিম খাঁন এ মামলা করেন। মামলার পর পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গ্রেপ্তাররা হলেন- সাজিদুল ইসলাম ও তার মামা শফিকুল ইসলাম। তাদের বৃহস্পতিবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অন্য আসামি হলেন- রাজধানীর কুড়িল এলাকার সাজিদ অ্যান্ড সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক ও নরসিংদীর মনোহরদি থানার বাসিন্দা অহিদুল ইসলাম ভূঁইয়া। 

মামলার বাদি রেজাউল করিম খাঁন জানান, তার এক বন্ধুর মাধ্যমে ট্রাভেলস মালিক অহিদুল আলম ভূঁইয়ার সঙ্গে পরিচয় হয়। সিলেটে দক্ষিণ সুরমার ভার্তখলা এলাকার একটি টাওয়ারের ৪ তলায় এজেন্সির অফিস ছিল। সিলেটের ৯ হজ যাত্রীর কাছ থেকে ৬ লাখ ৪৪ হাজার ৩৩৫ টাকা করে ৫৭ লাখ ৯৯ হাজার ১৫ টাকা ট্রাভেলস এজেন্সির মালিকের কাছে জমা দেন। ৫ জনকে হজে পাঠানো হয়। বাকিদের টাকা আত্মসাৎ করা হয়। এমনকি তাদের পাসপোর্টও ফেরত দেওয়া হয়নি। এক পর্যায়ে সিলেটের অফিস গুটিয়ে নেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ মাহমুদ সমকালকে বলেন, ওই হজ এজেন্সির বিরুদ্ধে ৪৪ জন হজযাত্রীর টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। অনেকে ঢাকায় মামলা করেছেন। এর মধ্যে সিলেটে ৪ জনের টাকা আত্মসাতের অভিযোগে মঙ্গলবার রাতে মামলা করা হয়। মামলার আগে সমঝোতার চেষ্টা করা হয়। কিন্তু সমাধান না হওয়ায় মামলার পর ২ জনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়। 

আরও পড়ুন

×