সাটুরিয়ায় ঋণের কিস্তির চাপে নারীর আত্মহত্যার অভিযোগ
প্রতীকী ছবি
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৩ | ১৪:৪৫ | আপডেট: ০২ আগস্ট ২০২৩ | ১৪:৪৫
মানিকগঞ্জের সাটুরিয়ায় তাসলিমা আক্তার (৩৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের ভাসিয়ালি কৃষ্ণপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তাসলিমার স্বামী আরিফুল ইসলামের অভিযোগ, একটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন তার স্ত্রী। এর কিস্তির জন্য মঙ্গলবার চাপ দিয়েছিলেন কর্মকর্তারা। তারা গালিগালাজ করে পুলিশ দিয়ে ধরিয়ে নেওয়ার হুমকি দেন। এতে ভয় পেয়ে তাসলিমা আত্মহত্যা করেছেন।
প্রতিবেশী ও পারিবারিক সূত্র জানায়, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সাজেদা ফাউন্ডেশনের ঢাকার ধামরাই উপজেলার কাওয়ালীপাড়া শাখা থেকে সম্প্রতি এক লাখ টাকা ঋণ নেন তাসলিমা। প্রতি মঙ্গলবার তাকে ১০ হাজার টাকা কিস্তি দিতে হতো। তিনটি কিস্তি পরিশোধ করেছেন তিনি। গত মঙ্গলবারের কিস্তি পরিশোধ করতে পারেননি তাসলিমা। এতে শাখা ব্যবস্থাপক মনোজ সাহাসহ কয়েকজন মাঠকর্মী বাড়িতে এসে তাকে গালিগালাজ করেন। তারা পুলিশ দিয়ে ধরিয়ে নেওয়ারও হুমকি দেন।
পুলিশের ভয়ে ও মনের দুঃখে মঙ্গলবার রাতেই বাড়ির পাশের আমগাছের ডালে গলায় ফাঁস নেন তাসলিমা। সকালে স্বজনরা গলায় দড়ি পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখে সাটুরিয়া থানায় সংবাদ দেন।
এ বিষয়ে সাজেদা ফাউন্ডেশনের কাওয়ালীপাড়া শাখার ব্যবস্থাপক মনোজ সাহা দাবি করেন, ‘আমাদের কিস্তির জন্য ওই সদস্য মারা যাননি। তিনি আরও কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়েছেন। ঋণে জর্জরিত হয়ে আত্মহত্যা করতে পারেন তিনি।’
তাসলিমার আরও কয়েকটি এনজিও থেকে ঋণ নেওয়ার তথ্য পেয়েছেন বলে জানান সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস। বুধবার বিকেলে তিনি সমকালকে বলেন, তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।
ওসি বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। তবে পরিবার মামলা করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- মানিকগঞ্জ
- সাটুরিয়া
- ঝুলন্ত মরদেহ উদ্ধার
