ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক পদে ভূমি অফিসের ‘পিয়ন’

স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক পদে ভূমি অফিসের ‘পিয়ন’
×

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন রহমান ওরফে ‘পীর সুমন’। ফাইল ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩ | ১২:৫৮ | আপডেট: ০৩ আগস্ট ২০২৩ | ১২:৫৮

১০ বছর পর সিরাজগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে তিন বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ২০১৩ সালের ১৮ জুলাই শাখার সর্বশেষ সম্মেলন হয়েছিল। এতদিন পর কমিটি হলেও তা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। ভূমি অফিসের পিয়ন সাধারণ সম্পাদক পদ পাওয়ায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। তিনি চাকরি ছেড়ে দিয়েছেন বলে দাবি করলেও এখনো অবমুক্ত করা হয়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জানা গেছে, জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক পদ পেয়েছেন সদর উপজেলার মেছরা ইউনিয়ন ভূমি অফিসের সরকারী কর্মচারী (পিয়ন) ধানগড়া মহল্লার সুমন রহমান ওরফে ‘পীর সুমন’। কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সভাপতি হয়েছেন জাকিরুল ইসলাম লিমন। এরপরই অভিযোগ উঠেছে, অনৈতিকভাবে সুমন এ পদ পেয়েছেন।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯’র ২৫ ধারা অনুযায়ী, সরকারি কোনও কর্মকর্তা বা কর্মচারী রাজনৈতিক দলের বা অঙ্গ সংগঠনের সদস্য হতে পারবেন না। বাংলাদেশে বা বিদেশে কোনও রাজনৈতিক কর্মকান্ডে অংশ নিতে বা সহায়তা করতেও পারবেন না। তবে পদ পাওয়ার আগে তিনি চাকরি ছেড়েছেন কিনা, সে বিষয়ে ধোয়াশা তৈরি হয়েছে। অন্তত একমাস আগে চাকরি ছাড়ার আবেদন করতে হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহাবুবুর রহমান বলেন, সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী চাকরিরত কেউ দলীয় পদ নিয়ে রাজনীতি করতে পারবে না। তাঁকে আগামী সোম অথবা মঙ্গলবার অবমুক্ত করা হবে। বুধবার ইস্তফার আবেদন করেছেন তিনি। এরপর একটি প্রক্রিয়া আছে। তারপর অবমুক্ত হবেন। এ সংক্রান্ত চিঠিতে সব তথ্য থাকবে।

যদিও সুমন রহমান ওরফে পীর সুমনের ভাষ্য, ‘আমার বাবা-মা আওয়ামী লীগের ও ছোট ভাই জেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। নিজেও ছাত্রলীগ করেছি। স্বেচ্ছাসেবক লীগের পদের জন্য এক মাস আগে চাকরি থেকে ইস্তফা দিয়েছি।’ তবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন বলেন, এসব নিয়ে গুঞ্জন শুরু হওয়ায় স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়ে সুমন বুধবার জেলা প্রশাসক বরাবর ইস্তফাপত্র দিয়েছেন। বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

এভাবে পদ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক নেতাকর্মী। ছাত্রলীগের সাবেক নেতা খালেদ সাইফুল্লাহ সাদি বলেন, ‘একজন পিয়নকে সাধারণ সম্পাদক করায় আমরা হতাশ। আমরা যারা শিক্ষিত হয়ে রাজীনিতিতে এসেছি, তারা আগামীতে হয়তো স্বেচ্ছাসেবক লীগ করবো না।’

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি জাকিরুল ইসলাম লিমন বলেন, সুমন ভূমি অফিসে চাকরি করলেও পদ পাওয়ায় তিনি চাকরি থেকে ইস্তফা দেবেন বলে শুনেছেন। তিনি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগ করতেন। মা ও ভাই জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সব বিবেচনায় হয়তো তাঁকে পদ দেয়া হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান বলেন, চিকিৎসার জন্য তিনি ঢাকায় রয়েছে। এ বিষয়ে মন্তব্য করবেন না।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক মনির হোসেনের দাবি, বিষয়টি তিনি অবগত ছিলেন না। কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, সুমন বিষয়টি আগে গোপন রাখলেও সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় ইস্তফা দিয়ে একটি চিঠি পাঠিয়েছেন।

আরও পড়ুন

×