বিএনপির কার্যালয়ে ছাত্রলীগ নেতার বিয়ের অনুষ্ঠান
মেলান্দহে বিএনপির কার্যালয়ের সামনে খালি জায়গায় প্রীতিভোজের প্যান্ডেল
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩ | ২২:২৩ | আপডেট: ০৫ আগস্ট ২০২৩ | ২২:২৩
জামালপুরের মেলান্দহে বিএনপির কার্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতা বিজয় হাসান খানের বিয়ের অনুষ্ঠান করা হয়েছে। এ ঘটনায় উপজেলাজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে। শনিবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে ছাত্রলীগ নেতার বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠান হয়। মেলান্দহ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তিনি।
জানা গেছে, সাত দিন ধরে উপজেলা বিএনপির কার্যালয় দখলে নিয়ে বিয়ের গেট, আলোকসজ্জা, দলীয় কার্যালয়ের সামনে খালি জায়গায় প্রীতিভোজের জন্য প্যান্ডেল তৈরি করে ওই ছাত্রলীগ নেতার পরিবার। বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রলীগ নেতার গায়ে হলুদের অনুষ্ঠান হয়। এর পর শনিবার প্রীতিভোজ হয়। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
সরেজমিন দেখা গেছে, দলীয় কার্যালয়ের সামনে ঢোকার পথেই বিশাল আকৃতির গেট ও কার্যালয়ের চারপাশে আলোকসজ্জা করা। কার্যালয়ের ভেতরে মাঠে করা হয়েছে প্রীতিভোজের প্যান্ডেল। শনিবার দুপুরে ওই ছাত্রলীগ নেতার বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠানে লোকজন আসতে শুরু করেন।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির কয়েকজন নেতাকর্মী জানান, বাইরে থেকে দেখলে কার্যালয় আছে কিনা, তা বোঝার উপায় নেই। বিয়ের অনুষ্ঠানের জন্য দলীয় কার্যালয় এমনভাবে সাজিয়েছে যেন, কেউ ভেতরে যেতে না পারে।
বিএনপি কার্যালয়ের অফিস কর্মচারী মো. হাবিব বলেন, ‘বিয়ের অনুষ্ঠান হয়েছে। তবে কার সঙ্গে কথা বলে এ জায়গা নিয়েছে, তা আমি জানি না।’
ওই ছাত্রলীগ নেতার বাবা কামরুল হাসান খানের ভাষ্য, পার্টি অফিসের সঙ্গেই তাঁর বাসা। আশপাশে অনুষ্ঠান করার মতো কোনো জায়গা নেই। সেই কারণে সেখানে অনুষ্ঠান করতে হয়েছে।
উপজেলা বিএনপির সদস্য সচিব নূরুল আলম সিদ্দিকী বলেন, ‘দলীয় কার্যালয়ের ভেতরে বিয়ের অনুষ্ঠানের বিষয়ে আমি জানি না। তারা কার কাছে অনুমতি নিয়েছে, এ বিষয়টিও আমি জানি না।’
