তালাক দেওয়ায় কিশোরীর বাড়িতে হামলা
হামলার সময় আসবাবপত্র ভাঙচুর করা হয়। ছবি: সমকাল
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩ | ১১:৫৬ | আপডেট: ১৬ আগস্ট ২০২৩ | ১৩:১৬
পরিচয় থেকে প্রেম, পরে গোপনে বিয়ে কিশোর-কিশোরীর। তবে বনিবনা না হওয়ায় বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীকে তালাক দেয় স্ত্রী। বিষয়টি মানতে না পেরে কিশোরীর বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। গত মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায়।
কুমারখালী উপজেলায় একই বিদ্যালয়ে পড়াশোনা করতো ওই কিশোর-কিশোরী। সেই সুবাদে পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে আদালতের মাধ্যমে বিয়ে করে তারা। তবে তিন মাসের মাথায় বনিবনা না হলে স্বামীকে তালাক দেয় কিশোরী। এ নিয়ে দুই পরিবারে মধ্যে বিরোধ দেখা দেয়। সেই বিরোধের জেরে মঙ্গলবার কিশোরীর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠে সাবেক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার বিকেলে সাবেক স্বামী, তার মা-বাবাসহ ৫ জনের নামে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ও থানায় লিখিত অভিযোগ করেন কিশোরীর বাবা।
এ বিষয়ে কিশোরী বলে, ‘১২ রমজানে আদালতে গিয়ে আমরা বিয়ে করি। তবে, বিয়ের পর থেকে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন আমাকে মারধর করতো। সেজন্য গত ৩১ জুলাই আমি তালাক দিয়েছি। তবুও সে (স্বামী) খুব বিরক্ত করে, হুমকিও দেয়।’
কিশোরীর বাবা বলেন, ‘ডিভোর্স দেওয়ায় ছেলেপক্ষ তাঁর বাড়িতে মঙ্গলবার বিকেলে হামলা চালিয়ে ঘরের বেড়া, ফ্রিজ ও আসবাবপত্র ভাঙচুর করে।’
তবে হামলার অভিযোগ অস্বীকার করে কিশোরের বাবা বলেন, ‘ছেলে-মেয়ে নিজেরায় বিয়ে করেছিল। পরে মেয়েই তালাক দিয়েছে। তবে কারোর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেনি।’
অভিযোগের বিষয়ে ইউএনও (ভারপ্রাপ্ত) মো. আমিরুল আরাফাত বলেন, তালাকের ঘটনাকে কেন্দ্র করে হামলার ও লুটপাট ঘটানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
