ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক, লাভ হবে না: কাজী জাফর উল্লাহ

বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক, লাভ হবে না: কাজী জাফর উল্লাহ
×

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। ছবি: সমকাল

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ২৩:২৫ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ | ২৩:২৫

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ বলেছেন, ‘বিএনপি, জামায়াত ও শিবির যারা আছেন, তারা কিন্তু এক হয়েছে। আওয়ামী লীগের বিপক্ষে নয়, রাজনীতির নামে শুধু দেশে অরাজকতা করার জন্য এক হয়েছে। তাদের একটাই প্রচেষ্টা শেখ হাসিনাকে কীভাবে ক্ষমতা থেকে সরানো যায়। তাই যতই চেষ্টা করেন, যত ষড়যন্ত্র করেন, কোনো লাভ হবে না। রাখে আল্লাহ মারে কে। কেউ মারতে পারবে না শেখ হাসিনাকে, ইনশাআল্লাহ।’

রোববার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জাফর উল্লাহ বলেন, এই শোকের মাসে আমাদের স্মরণ রাখতে জাতি এখন চরম বিপদের মুহূর্তে আছে। আপনারা দেখেছেন ২০০৪ সালে ২১ শে আগস্ট কীভাবে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সব নেতৃত্বকে নিঃস্ব করার জন্য গ্রেনেড হামলা করেছিলেন খালেদা জিয়া। তার সন্তান তারেক জিয়া, তাদের যারা সেই সময়ের নেতৃবৃন্দ, তাদের সঙ্গে এই মুজাহিদ, সাঈদী গ্রেনেড হামলায় কিন্তু ছিল। সে কথা কিন্তু ভুললে চলবে না। যখন শেখ হাসিনা দীর্ঘ ২১ বছর পরে অন্ধকার থেকে আলোর মুখ দেখেছিলেন এবং এ দেশের জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করেছিলেন। তখন আওয়ামী লীগের প্রতিটি কর্মীর একটাই দাবি ছিল- বঙ্গবন্ধুর খুনিদের আমরা ফাঁসি দেখতে চাই।

তিনি বলেন, শেখ হাসিনা ধৈর্যের পরীক্ষা দিয়ে আইনের মাধ্যমে, কোর্টের মাধ্যমে বিচারের মাধ্যমে যারা বঙ্গবন্ধুর খুনি ছিলেন সেই খুনিদের ফাঁসির রায় হয়েছে। আর কিছু লোক পাকিস্তান, ক্যানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতসহ বিভিন্ন রাষ্ট্রে পালিয়ে আছে। আপনারা যারা বঙ্গবন্ধুর অনুসারী, যারা নৌকার ভক্ত, আমরা বিশ্বাস করি ওই খুনিদের যেভাবে হোক দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে। আর এটাই এখন জনগণের দাবি। পাশাপাশি আরেকটি দাবি হচ্ছে, সেই ১৫ আগস্টের কালরাতে ষড়যন্ত্রের পেছনে কারা চাবি-কাঠি নাড়িয়ে ছিল? তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

জাফর উল্লাহ আরও বলেন, আপনারা যদি আপনাদের অধিকার সম্পর্কে সচেতন ও সতর্ক থাকেন, আপনার বাড়ির পুকুর আপনি বালি দিয়ে ভরবেন। সেখানে বালি ভরতে গেলে এমপি, তার দালাল ও চামচাদের কেন টাকা দিতে হবে। এর জন্য আপনাদেরকেই প্রতিবাদ করতে হবে। ভাঙ্গা-সদরপুর-চরভদ্রসনের ২৬টি ইউনিয়নে নৌকার ভক্তরা বলেন, যে স্বতন্ত্র এমপি নিক্সন চৌধুরী

নৌকার কথা বলেন, আবার নৌকাকেই ফুটা করতে যে সবসময় ব্যস্ত থাকেন। যদি, আমরা সবাই নৌকা প্রেমীদের পাশে থাকি তাহলে, স্বতন্ত্র এমপির বিপক্ষে জনগণ এখন লাল কার্ড দেখাবে। খেলা হবে, আগামীতে খেলা হবে। এ খেলা ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনের মানুষ আগামীতে খেলবে। আগামীতে নৌকা প্রতীক নিয়ে খেলা হবে।

মানিকদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক, সাধারণ সম্পাদক ইমতিয়াক আরিফ, যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান, শ্রমবিষয়ক সম্পাদক ফাইজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান প্রমুখ।

আরও পড়ুন

×