ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আইনজীবীর বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইনজীবীর বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩ | ১৮:০৮ | আপডেট: ২২ আগস্ট ২০২৩ | ১৮:০৮

কুষ্টিয়া শহরে মজমপুর এলাকায় এক আইনজীবীর বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তরুণীর নাম জান্নাতুল ফেরদৌস তুলি (২০)। তিনি শহরের মোল্লাতেঘরিয়া এলাকায় ওহিদুল মোল্লার মেয়ে এবং কুষ্টিয়া নার্সিং ইন্সটিটিউটের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

পুলিশের ধারণা, তরুণী আত্মহত্যা করতে পারেন। সুরতহাল শেষে ময়নাতদন্ত করা হবে। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তবে পরিবারের দাবি, মেরে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে পুলিশ আইনজীবী মাহমুদুল হাসান সুমনের বাসা থেকে ঝুলন্ত অবস্থায় জান্নাতুলের মরদেহ উদ্ধার করে। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের নেওয়া হলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জান্নাতুলের মা শরিফা খাতুন বলেন, ‘আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাক মেরে ফেলা হয়ছে। আমি এর বিচার চাই।’

তিনি আরও বলেন, সকাল আটটার দিকে ১০০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। আজ তার জন্মদিন। জন্মদিনে বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলে সে বের হয়। সন্ধ্যায় বড় মেয়ের জামাইকে ওই উকিল ফোন করে জানান তার মেয়ে আত্মহত্যা করছে।’

বাড়ির মালিক গোলাম নবী বলেন, আগস্টের মাসের ১০ তারিখ ওই আইনজীবী বাসা ভাড়া নেন। গত শুক্রবার তিনি বিয়ে করেন। স্ত্রী নিয়ে বাসাতে থাকেন। ঘটনার সময় তিনি ও তার স্ত্রী বাসাতে ছিলেন। সন্ধ্যার দিকে জানতে পারেন এ ঘটনা ঘটছে।

আইনজীবী মাহমুদুল হাসানের মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, মাহমুদুল হাসান কুষ্টিয়া জজকোর্টের আইনজীবী। তার ভাড়া বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে সেখানে আইনজীবীকে পাওয়া যায়নি। এটা আত্মহত্যা নাকি অন্য কিছু তা তদন্ত করা হচ্ছে।


আরও পড়ুন

×