ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

সরকারি বরাদ্দের নামে টাকা আত্মসাৎ, উপজেলা চেয়ারম্যান নুনুসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সরকারি বরাদ্দের নামে টাকা আত্মসাৎ, উপজেলা চেয়ারম্যান নুনুসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
×

প্রতীকী ছবি

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩ | ২০:৩৫ | আপডেট: ২২ আগস্ট ২০২৩ | ২০:৩৫

সরকারি বরাদ্দের নামে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এসএম নুনু মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার আদালতে উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া ও তার পিএস দবিরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন জামাল আহমদ নামের এক ভুক্তভোগী। 

জামাল উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এবং ওই ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত মখন মিয়ার ছেলে। মামলার অপর দুই আসামি হলেন দবির মিয়ার মা সফুল বিবি ও সুহেল শিকদার।

মামলার শুনানি শেষে আদালতের বিচারক দিলরুবা ইয়াসমিন অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে সিলেটের ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামানকে দায়িত্ব দিয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, অভিযুক্ত দবির মিয়া বাদি জামালের পূর্ব পরিচিত। সেই সুবাদে ২০২২ সালের অক্টোবর মাসে দবিরের আশ্বাসে উপজেলা চেয়ারম্যান নুনু মিয়ার কাছে ‘বাথরুমসহ গভীর নলকূপ ও কালভার্টের জন্য আবেদন করেন তিনি। এরপর উপজেলা চেয়ারম্যান ও তার পিএসের সঙ্গে চুক্তি অনুযায়ী ১১টি পরিবারের কাছ থেকে ৩০ হাজার টাকা করে ওয়াশ ব্লকের জন্য টাকা দেন। অন্য একটি পরিবারের কাছ থেকে আরও ২০ হাজার টাকা, তেঘরি মসজিদের জন্য ১০ হাজার টাকা এবং ৪টি কালভার্টের জন্য আরও ৩০ হাজার টাকাসহ মোট ৩ লাখ ৯০ হাজার টাকা জমা দেন। ওই টাকার ১ লাখ ৪০ হাজার টাকা দবির মিয়ার কাছে এবং আরও ১ লাখ ৪২ হাজার টাকা দবির মিয়ার মা সুফল বিবির কাছে জমা দেন তিনি। এসময় দবির মিয়ার কথা অনুযায়ী ওয়াশ ব্লকের জায়গা পরিদর্শনের জন্য সুহেল শিকদার নামের এক ইঞ্জিনিয়ারকে আরও ৮ হাজার টাকা দেন। কিন্তু পরিদর্শন শেষে বরাদ্দ পাননি তিনি। 

এ প্রসঙ্গে জানতে উপজেলা চেয়ারম্যানের পিএস দবির মিয়া মুঠোফোন কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। 

তবে, উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া বলেছেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।

সিলেটের ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান সমকালকে বলেন, এ সংক্রান্ত কোনো আদেশ এখনও তার কাছে পৌঁছায়নি।

আরও পড়ুন

×