ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কলমাকান্দায় ২ ভুয়া কৃষি কর্মকর্তা আটক

কলমাকান্দায় ২ ভুয়া কৃষি কর্মকর্তা আটক
×

প্রতারণার অভিযোগে আটকেরা

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ০১:২৩

নেত্রকোনার কলমাকান্দায় দুই ভুয়া কৃষি কর্মকর্তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

সোমবার দুপুরে উপজেলা লেংঙ্গুরায় সীমান্তবর্তী ফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আটকেরা হলেন-কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলা সেকান্দরনগর গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে আবু ছামান (৪০) ও একই উপজেলার বেলংকার গ্রামের আমির উদ্দিনের ছেলে এমরান মিয়া (৩৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লেংগুরা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলবাড়ী গ্রামে দুই প্রতারক নিজেকে উপজেলার কৃষি অফিসের মাঠ কর্মকর্তা দাবি করেন। তারা গ্রামের সহজ সরল লোকদের বলেন, সরকার অনুমোদিত বাংলাদেশ কৃষি আত্ম উন্নয়ন সংস্থায় ১০০ টাকা জমা দিয়ে তথ্য ফরম সংগ্রহ করে আপনারা কৃষি অফিসের সদস্য হন। পরে আরো ২ হাজার টাকা করে এককালীন জমা দিলে আগামী সপ্তাহে আপনাদের একটি গাভী ও স্থানীয় কৃষি ব্যাংক থেকে বিনা সুদে ২০ হাজার টাকা কৃষি ঋণ দেওয়া হবে। 

স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে এক পর্যায়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফারুক আহম্মেদকে মুঠোফোনে জানানো হয়। ওই কর্মকর্তা জানান, আবু ছামান ও এমরান মিয়া নামে তাদের কোনো কর্মকর্তা নেই। 

তখন স্থানীয়রা ওই দুই প্রতারককে আটকে রেখে কলমাকান্দা থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এসময় তাদের কাছ থেকে নগদ ২ হাজার ৭শ’ টাকা,  তিনটি মোবাইল ফোনসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম সমকালকে বলেন, সোমবার রাতে ভুক্তভোগী কৃষক মো. আব্দুল কুদ্দুছ বাদী হয়ে কলমাকান্দা থানায় প্রতারণা মামলা করেছেন। 


আরও পড়ুন

×