ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাতে বিয়ে, সকালে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বরের

রাতে বিয়ে, সকালে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বরের
×

নিহত জাকারিয়া

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩ | ১৫:৫০ | আপডেট: ২৯ আগস্ট ২০২৩ | ১৫:৫০

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বাড়ইল কুটিপাড়া গ্রামের জাকারিয়া সোমবার রাতে নববধূ জেমি আক্তারকে ঘরে তোলেন। মঙ্গলবার সকালে নতুন বউয়ের জন্য বাজার করতে মোটরসাইকেল নিয়ে বের হন যাকারিয়া। কিন্তু কে জানত এটাই তার শেষ যাওয়া, বিয়ের মেহেদির রঙ না শুকাতেই বিধবা হবেন জেমি। কাহালু উপজেলার বারোমাইল নামক এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে ট্রাক্টরের ধাক্কায় জাকারিয়ার প্রাণ যায়। দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে তিনি নিহত হন।

জাকারিয়ার আকস্মিক মৃত্যুতে মা-বাবা, স্ত্রী ও শ্বশুরবাড়ীর লোকজন হতবিহ্বল হয়ে পড়েন। পুরো গ্রামে নামে শোকের ছায়। স্বজনের কান্নায় ভারি হয়ে ওঠে পরিবেশ। গ্রামের মানুষও চোখে পানি ধরে রাখতে পারেনি।

জাকারিয়ার বাবার নাম রেজাউল করিম। নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জাকারিয়া পেশায় একজন টাইলস মিস্ত্রি। সোমবার রাতে নতুন বউ নিয়ে তিনি বাড়িতে ফেরেন। তার বাবা বলেন, এটা আমার ভাগ্য। কারও কোনো দোষ নেই।

কাহালু থানার ওসি মাহামুদ হাসান বলেন, ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান জাকারিয়া। ট্রাক্টরটি জনতা থামাতে পারলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়। 

আরও পড়ুন

×