আ.লীগ নেতার পকেটে প্রতিবন্ধীর ভাতা, অভিযোগ ভুক্তভোগীর
আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবু ও তার নগদ অ্যাকাউন্টের স্টেটমেন্ট - সমকাল
পাবনা অফিস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:০৪ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:০৪
এ বিষয়ে প্রতিকার চেয়ে সোমবার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
অভিযুক্ত বাবু চর তারাপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য এবং চর তারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ভুক্তভোগী একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভাদুরিয়াডাঙ্গীর মৃত কেসমত শেখের ছেলে দিলবার শেখ।
ভুক্তভোগীর অভিযোগ, দুই বছর আগে তাঁর নামে প্রতিবন্ধী ভাতা কার্ড করা হয়। কিন্তু এ বিষয়ে কিছুই জানতেন না দিলবার। সম্প্রতি ভাতা কার্ডের জন্য ইউনিয়ন পরিষদে গিয়ে তিনি জানতে পারেন, তাঁর নামে কার্ড আছে এবং সেই কার্ডে নগদের নম্বরের জায়গায় বাবু মেম্বারের নম্বর দেওয়া আছে। দুই বছর ধরে সেই নম্বরে যাওয়া সব টাকা তুলছেন তিনি।
এ বিষয়ে কথা বলতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ‘পরে দেখা করে কথা বলবেন’ বলে কল কেটে দেন বাবু।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন বলেন, ‘আমি অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে অবশ্যই বাবুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। ইউএনও এ বিষয়ে অবগত। তাঁর তত্ত্বাবধানেই তদন্ত চলছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
