ছাত্রীনিবাসে আজিজুল হক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৪:১৮ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৪:১৮
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী শাকিলা খাতুনের (২৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে শহরের জহুরুল নগরের একটি ছাত্রী নিবাসের কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
শাকিলা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আয়াভাঙ্গী গ্রামের ছফিরুল ইসলামের মেয়ে। তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। এ নিশ্চিত করেছেন বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শিবলী জামান।
তিনি বলেন, সোমবার রাতে খাওয়ার জন্য ছাত্রী নিবাসের অন্যান্য শিক্ষার্থীরা শাকিলাকে ডাকাডাকি করলেও সাড়া পাননি। পরে ছাত্রী নিবাসের কেয়ারটেকার ও স্থানীয়দের সহযোগিতায় কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো শাকিলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
এসআই শিবলী জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যক্তিগত কোনো হতাশায় রাত ৮টার পর তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের অভিযোগ না থাকায় এ ঘটনায় রাতেই থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
