বিএসএফআইসি চেয়ারম্যান বললেন
চিনিকল বাঁচাতে পাঁচ বছরের রোডম্যাপ করা হয়েছে
ফাইল ছবি
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০
চিনিকল বাঁচাতে পাঁচ বছরমেয়াদি রোডম্যাপ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান আরিফুর রহমান অপু। তিনি বলেন, চিনি শিল্প যাতে লাভের মুখ দেখে সে লক্ষ্যে কাজ শুরু হয়েছে। আখের দাম না বাড়ালে কৃষক উৎপাদনে এগিয়ে আসবেন না। তাই এ বছর কৃষকের জন্য প্রতি মণ আখের দাম ২২০ টাকা ও আগামী বছর ২৪০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, চিনিকলগুলো লোকসানে পড়ার প্রধান কারণ আখের উৎপাদন কমে যাওয়া। আখ চাষ করে কৃষককে লোকসানে পড়তে হচ্ছে। এ কারণে তারা আখ চাষ থেকে বিমুখ হচ্ছেন। চলতি ২০২৩-২০২৪ আখ রোপণ মৌসুমে পাঁচ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এসব জমি থেকে ৫৫ হাজার টন আখ উৎপাদনের আশা করা হচ্ছে।
এ সময় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহ, শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক মির্জা মাজহারুল ইসলাম মিলন, মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকসহ চিনিকলের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমজীবী ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
