ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, তিনজন গ্রেপ্তার

বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, তিনজন গ্রেপ্তার
×

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৪৭ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৪৭

ময়মনসিংহের ফুলপুরে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে রক্তমাখা কাপড় ও হত্যায় ব্যবহৃত দা।

সোমবার ১০ দিনের রিমান্ড চেয়ে তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, বালু ও ড্রামট্রাক ব্যবসায়ী শ্যামল মিয়া (২৭) উপজেলার আলোকদী গ্রামের হযরত আলীর ছেলে। গত রোববার রাতে নিজ বাড়ির অদূরেই একটি চায়ের দোকানে যাচ্ছিলেন শ্যামল। এ সময় দুর্বৃত্তদের একটি দল পথেই শ্যামলের ওপর আক্রমণ করে। তারা এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে গেলে ঘটনাস্থলেই শ্যামলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ঘটনার পরপর অভিযান চালিয়ে একই গ্রামের মঞ্জুরুল হক, মোসাদ্দিক ও মনিরুল ইসলামকে আটক করে। শ্যামলকে হত্যার ঘটনায় বড় ভাই উজ্জল মিয়া বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮ জনকে আসামি করে থানায় মামলা করেন। ওই মামলায় গতকাল সোমবার ১০ দিনের রিমান্ড চেয়ে গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়। তবে রিমান্ড শুনানি হয়নি।

নিহতের ভাই উজ্জল মিয়া বলেন, কিছু দিন আগে মঞ্জুরুলের সঙ্গে তাঁর ভাইয়ের সামান্য কথা কাটাকাটি হয়েছিল। এজন্য তাঁর ভাইকে হত্যা করা হয়ে থাকতে পারে।

ফুলপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, পূর্ব বিরোধের জেরে হত্যার ঘটনা ঘটেছে। যাদের আটক করা হয়েছে তারা কিছু বলতে চাইছে না। তিনজনকে রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডে এনে হত্যার কারণ বের করা হবে।

আরও পড়ুন

×