ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিসিসির আবাসন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ

বিসিসির আবাসন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ
×

প্রকল্প এলাকায় ক্ষতিগ্রস্তরা মানববন্ধন করেন - সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৪৭ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৫১

নগরীর কাউনিয়া এলাকায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) আবাসিক প্রকল্প-২-এর প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে স্থানীয়রা বিক্ষোভ করেছেন।

বুধবার দুপুরে প্রকল্প এলাকায় তারা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন। এসময় বক্তারা প্লট বরাদ্দ কার্যক্রম বন্ধ করে লটারির মাধ্যমে নতুন করে বরাদ্দের দাবি জানান। পাশাপাশি অবিলম্বে আবাসন প্রকল্পের মাস্টারপ্লান-নকশা প্রকাশ, পানি ও বিদ্যুৎ সংযোগ, সড়ক নির্মাণের দাবি জানানো হয়। 

বক্তারা বলেন, প্রকল্পের জমি ষাটের দশকে বিনা পয়সায় অধিগ্রহণের কারণে ভূমি মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্লট বরাদ্দে জমি মালিকদের অগ্রাধিকার দেওয়া হয়নি। বরাদ্দ আবেদন ফরম তিন হাজার টাকায় বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। কাগজে-কলমে লটারি দেখিয়ে প্লট নিজেদের মধ্যে ভাগবণ্টন করা হয়। বিসিসির দুর্নীতিবাজ কর্মকর্তারা নিজেদের নামে একাধিক প্লট বরাদ্দ নিয়েছেন।

বক্তারা আরও বলেন, অধিগ্রহণ করা জমির উত্তরসুরীরা হাইকোর্টে রিট করেছেন। এতে আদালত ২৯ আগস্ট আবাসন প্রকল্পের কার্যক্রম তিন মাসের জন্য স্থিতাবস্থার আদেশ দেন।  বরাদ্দ পাওয়া মালিকরা আদালতের নির্দেশ অমান্য করে বালু দিয়ে প্লট ভরাট ও স্থাপনা নির্মাণ করছেন।

সমাবেশে বক্তব্য দেন ১ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর আমির হোসেন বিশ্বাস, নবনির্বাচিত কাউন্সিলর আউয়াল মোল্লা, স্থানীয় বাসিন্দা শাজহাজান সিরাজ, গাজী মকবুল হোসেন, বাবুল হোসেন ও আবদুল আজিজ হাওলাদার, নুরুল ইসলাম প্রমুখ। 

এসব অভিযোগের বিষয়ে বিসিসির প্রধান নগর পরিকল্পনা কর্মকর্তা সানজিদ হোসেন বলেন, প্লট বরাদ্দে কোনো অনিয়ম হয়নি। নিয়ম মেনেই কাজ চলছে।

বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার রোহান জানান, তারা উচ্চ আদালতের স্থিতাবস্থার কোনো আদেশ পাননি।

আরও পড়ুন

×