তারেক মাসুদের বাড়ির সাইনবোর্ড প্রতিস্থাপন করল প্রশাসন
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৫৮ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:৫৮
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদের গ্রামের বাড়ির সেই ভাঙা সাইনবোর্ডটি নির্মাণ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। এর আগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুরে অবস্থিত তারেক মাসুদের গ্রামের বাড়ির পাশের মহাসড়কের সাইনবোর্ডটি ভেঙে ফেলে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান সাইনবোর্ডটি পুনরায় নির্মাণ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার স্যারের নির্দেশে আমরা ভাঙা সাইনবোর্ডটি ফের নির্মাণ করে দিয়েছি।
তারেক মাসুদের ভাই হাবিবুর রহমান মাসুদ বলেন, আমাদের বাড়ির পাশের মহাসড়কে ‘তারেক মাসুদের বাড়ি’ লেখা সম্বলিত একটি সাইনবোর্ড ভেঙে ফেলে দুর্বৃত্তরা। পরে এই বিষয়ে সাংবাদিকসহ প্রশাসনকে জানালে প্রশাসনের পক্ষ থেকে আজ তা প্রতিস্থাপন করে দেওয়া হয়। এ সময় তিনি স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারেক মাসুদ ভাঙ্গার নূরপুর গ্রামের মসিউর রহমান মাসুদ-নূরুন্নাহার দম্পতির ছেলে। তার বাবা ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনিই (তারেক) সবার বড় ছিলেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদ ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হওয়ার পরই তিনি চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। দেশে তিনিই প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলনের সূচনা করেন।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা নামক স্থানে বিপরীতমুখী চুয়াডাঙ্গা এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরকে বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন।
- বিষয় :
- তারেক মাসুদ
- সাইনবোর্ড
- ফরিদপুর