ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাংবাদিক সুমনের বীর মুক্তিযোদ্ধা বাবাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সাংবাদিক সুমনের বীর মুক্তিযোদ্ধা বাবাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
×

জানাজা নামাজের আগে মো. শাহজাহানকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। ছবি-সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:০৯ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:০৯

দৈনিক সমকালের আঞ্চলিক সম্পাদক সারোয়ার সুমনের বাবা বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ আসর নগরের হালিশহর বিডিআর মাঠে জানাজার পর হাউজিং স্টেটের আই ব্লকের কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। 

জানাজার আগে মো. শাহজাহানকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আল নাসীফ উপস্থিত ছিলেন। এরপর জানাজায় অংশ নেন রাজনীতিবিদ, সমাজসেবী, সাংবাদিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. শাহজাহানের মৃত্যু হয়। একাত্তরের রণাঙ্গনের এই যোদ্ধার বয়স হয়েছিল ৭১ বছর। সন্দ্বীপের বাসিন্দা মো. শাহজাহান এক ছেলে, চার মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মরহুম মুন্সী আব্দুল মান্নান সওদাগরের বড় সন্তান। 

শুক্রবার সকালে নিউইয়র্ক থেকে তাঁর মরদেহ ঢাকায় পৌঁছায়। পরে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স দুপুরের দিকে চট্টগ্রামে পৌঁছায়। হালিশহরের বাসায় মরদেহ নেওয়া হলে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের কান্নায় শোকাবহ পরিবেশ তৈরি হয়। এরপর বিডিআর মাঠে জানাজা হয়। এতে অংশ নেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ, সমকালের উপসম্পাদক শাহেদ চৌধুরী, মফস্বল সম্পাদক মো. মনিরুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের চট্টগ্রামের আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজ, সমকাল চট্টগ্রাম অফিসের ডিজিএম (মার্কেটিং) সুজিত কুমার দাশসহ অনেকে। 

আরও পড়ুন

×