হাজীগঞ্জে নিখোঁজ কলেজছাত্র মাওয়া ফেরিঘাট থেকে উদ্ধার
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ১০:১৭
চাঁদপুরের হাজীগঞ্জের কলেজছাত্র মাকসুদুল মাহমুদ আকাশ নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যে মাওয়া ফেরিঘাট থেকে তাকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া আকাশ এখন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। সে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের জাকির হোসেনের ছেলে। হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আকাশ হাজীগঞ্জ বাজার এলাকায় একটি ফ্ল্যাট বাড়িতে মেসে থাকে।
কলেজছাত্রের চাচা শামছুজ্জামান ডলার জানিয়েছেন, মেসে অবস্থানকালীন ১৯
অক্টোবর বিকেল থেকে আকাশকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার ব্যবহূত মোবাইল
ফোনটি সন্ধ্যার পর থেকে বন্ধ থাকাতে পরিবারের মধ্যে উৎকণ্ঠা বাড়ে। পরদিন
হাজীগঞ্জ থানায় ডায়েরি করেন। ডায়েরি করার পরই পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার
করে আকাশের নম্বরে তার লোকেশন পায় প্রথমে হাজীগঞ্জ বাজার, এর পর মাওয়া
ফেরিঘাট এলাকায়।
ডলার আরও বলেন, আকাশের অবস্থান মাওয়া ফেরিঘাট- বিষয়টি পুলিশের কাছ থেকে জেনে আমরা ঢাকা থেকে রাতে রওনা দিয়ে মাওয়া ফেরিঘাট থেকে আকাশকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসি। সে এতটাই অসুস্থ যে, তার কাছ থেকে কিছুই জানা সম্ভব হয়নি। তাকে চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি বলেন, আকাশের মোবাইল
নম্বর ট্র্যাকিং করে ওইদিন সন্ধ্যা ৬টায় প্রথমে তার লোকেশন হাজীগঞ্জ এলাকায়
পাওয়া যায়। এর পরই তার অবস্থান পাওয়া যায় মাওয়া ফেরিঘাট এলাকায়। এর কয়েক
মিনিট পরই আকাশের বাবার ফোনে আকাশ ফোন করে বলে, বাবা আমি আকাশ। আমি কোথায়
আছি, কীভাবে এসেছি কিছুই জানি না। পরে ওই মোবাইল মালিক শাহাবুদ্দিনের সঙ্গে
কথা হয় আকাশের বাবার। পেশায় রাজমিস্ত্রি শাহাবুদ্দিন থেকে বিস্তারিত শুনে
আমরা মাওয়া ফেরিঘাট এলাকার থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের মাধ্যমে আকাশকে
উদ্ধার করি।
- বিষয় :
- চাঁদপুর
- কলেজছাত্র নিখোঁজ
