ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ফতুল্লায় দগ্ধ দুই শ্রমিক

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ফতুল্লায় দগ্ধ দুই শ্রমিক
×

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:৩৯ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:৩৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাতে উত্তর নরসিংপুর এলাকায় জার্জিস কম্পোজিট নিট লিমিটেডের কারখানায় এ বিস্ফোরণ ঘটে। দগ্ধ দু’জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তারা হলেন– সদর উপজেলার ফতুল্লার ভোলাইল গেউদ্দার বাজার এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে মো. মিলন ও নরসিংপুর এলাকার হারুন মিয়ার ছেলে মো. হায়দার।

ডাইং কারখানাটির জেনারেটর কক্ষে মঙ্গলবার রাত ৮টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, এতে পাশের দেয়াল ধসে পড়ে। আগুনে দগ্ধ হন মিলন ও হায়দার। শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ বিসিক ও মণ্ডলপাড়া স্টেশন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দগ্ধ দু’জনকে সহকর্মীরা শুরুতে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তবে দুর্ঘটনার পর সাংবাদিকদের কারখানার ভেতর যেতে দেওয়া হয়নি।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহামেদ বলেন, কারখানার জেনারেটর গ্যাস দিয়ে পরিচালিত হতো। তাদের ধারণা, গ্যাসের লিকেজ থেকে জেনারেটরে বিস্ফোরণ ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। তদন্তের পর বিস্তারিত জানাবেন।


আরও পড়ুন

×