বঙ্গবন্ধু টানেল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় নির্মিত বঙ্গবন্ধু টানেল। ছবি: সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৩১ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:৩৩
কর্ণফুলীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেলকে ‘সিগনেচার প্রজেক্ট’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু টানেল শুধু কর্ণফুলীর দুই পাড় বদলে দেবে না, সারাদেশে প্রভাব রাখবে। এটি গর্ব করার মতো প্রকল্প। এই টানেল এশিয়ান হাইওয়েকে যুক্ত করতে ভূমিকা রাখবে। তাই টানেল উদ্বোধনের বিষয়টি উৎসবে পরিণত হবে।’
বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় নির্মিত বঙ্গবন্ধু টানেল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। আগামী ২৮ অক্টোবর টানেলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে এ সময় উল্লেখ করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। ছবি: সমকাল
এ সময় তাঁর সঙ্গে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, ডিআইজি নুরে আলম মিনা, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, টানেল প্রকল্পের পরিচালক হারুনুর রশিদ প্রমুখ।
