ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সড়ক দুর্ঘটনায় ডুয়েট ছাত্রের মৃত্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সড়ক দুর্ঘটনায় ডুয়েট ছাত্রের মৃত্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ
×

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:১৬ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:১৬

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থী সোহেল রানা সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. নজরুল ইসলামের অপসারণের দাবিতে শুক্রবার সন্ধ্যা পর ক্যাম্পাসে ভেতরে বিক্ষোভ করেন শত শত শিক্ষার্থী। বৃহস্পতিবারও দিনভর আন্দোলন করেন তারা।

শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসের কাছে বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় ডুয়েটের ছাত্র সোহেল রানা আহত হলেও তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর থেকে ডুয়েটের ছাত্রকল্যাণ পরিচালককে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ জানান সহপাঠীরা। পৌনে এক ঘণ্টা পর হাসপাতালে অ্যাম্বুলেন্স পাঠানো হয়। অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় সোহেল রানাকে ঢাকা পাঠাতে দেরি হয়। এ ঘটনায় ছাত্রকল্যাণ পরিচালকের অবহেলাকে দায়ী করে শিক্ষার্থীরা তার অপসারণের দাবি জানান। 

তারা আরও জানান, ছাত্রকল্যাণ পরিচালককে অপসারণ না করা হলে রোববার থেকে ক্লাস বর্জনসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, বুধবার রাতে ১০টার দিকে ডুয়েট শিক্ষার্থী সোহেল রানা দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। মোটরসাইকেলটি ডুয়েট গেট এলাকায় পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে সোহেলা রানা ও তার সহপাঠী আহত হন। গুরুত্বর আহত সোহেল রানাকে শিক্ষার্থীরা দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। ঢামেক হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এ ঘটনার পর থেকে ডুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক নজরুল ইসলামের অপসারণ জানিয়ে বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যার পর ক্যাম্পাসের ভেতরেই তারা আন্দোলন করেন।  ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. নজরুল ইসলাম সমকালকে বলেন, এ বিষয়ে আমি এখনই কোনো মন্তব্য করব না। 




আরও পড়ুন

×