ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

ছাত্রলীগ নেতাদের নির্যাতন

মাগুরায় কলেজ অধ্যক্ষের কক্ষ ঘেরাও ছাত্রীদের

মাগুরায় কলেজ অধ্যক্ষের কক্ষ ঘেরাও ছাত্রীদের
×

কলেজ অধ্যক্ষের কক্ষ ঘেরাও করেন ছাত্রীরা- সমকাল

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ১০:৩৮

মাগুরায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ হোস্টেলে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে ছাত্রী নির্যাতনের অভিযোগ উঠেছে।

ছাত্রীদের অভিযোগ, অনেকদিন ধরেই এমন ঘটনা ঘটলেও নির্বিকার কলেজ প্রশাসন। তারা এ ঘটনার প্রতিবাদে ও তাদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার কলেজ অধ্যক্ষের কক্ষ ঘেরাও করেন।

একাধিক ছাত্রীর অভিযোগ, কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহিম ফয়সাল রাব্বিসহ ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে হোস্টেলে যাওয়া-আসা করছেন। প্রায়ই তারা হোস্টেলের ছাত্রীদের রান্না করে খাওয়ানোর জন্য বাধ্য করেন। মাঝেমধ্যে তাদের হাতে ছাত্রী লাঞ্ছিত হয়ে আসছে। অথচ কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করে না।

হোস্টেল নিবাসী এক ছাত্রী অভিযোগ করেন, রোববার রাত সাড়ে ৯টার রাতের খাবার শেষ করে অন্য মেয়েদের সঙ্গে রুমে ফেরার সময় দেখেন, হোস্টেলের দ্বিতীয় তলার সিঁড়িতে ছাত্রলীগ নেতা রাব্বি একটি মেয়ের সঙ্গে অশালীন আচরণ করছেন। একটু দূরে আরও তিন-চারজন ছেলে দাঁড়িয়ে ছিল। এ সময় মেয়েটি কাঁদতে থাকলে এবং অন্য মেয়েরা তাকে সেখান থেকে নিয়ে আসার চেষ্টা করলেও দাঁড়িয়ে থাকা ছেলেগুলো তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তিনি আহত হন। বিষয়টি হোস্টেলের মেট্রন নাসরিন আপাকে জানানো হলেও তিনি আমাদের চুপ থাকার নির্দেশ দেন। কিছুক্ষণ পরই হোস্টেলে পুলিশ আসে। কিন্তু নাসরিন ম্যাডামের ভয়ে কেউ পুলিশের কাছে কিছু জানাতে সাহস পাননি।

হোস্টেল মেট্রন নাসরিন আক্তার বলেন, শিক্ষার্থী লাঞ্ছনার বিষয়টি ঠিক নয়। তিনি বলেন, রোববার রাতে কলেজের ক'জন ছাত্র পোলাও চাল আর মুরগি নিয়ে হোস্টেলে এসে রাঁধুনিকে খাবার রান্না করে দিতে বলেন। রান্না শেষ হলে খাবার নিয়ে চলে যান।

এদিকে বিষয়টি নিয়ে মোবাইল ফোনে কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহিম ফয়সাল রাব্বির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

এদিকে এ ঘটনার প্রতিবাদে ছাত্রীরা নিরাপত্তার দাবিতে মঙ্গলবার কলেজ অধ্যক্ষের কক্ষ ঘেরাও করেন।

এ বিষয়ে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ দেবব্রত ঘোষ বলেন, ছাত্রীরা অভিযোগ করার আগেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হোস্টেলে দায়িত্বরতদের সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। তার পরও ছাত্রীদের দল বেঁধে তার কক্ষে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই।

আরও পড়ুন

×