সিলেটে রবীন্দ্র শতবর্ষ: সমালোচনার মুখে লিটনের পদত্যাগ
ফাইল ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ১১:৪৯
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেটে আগমনের শতবর্ষ স্মরণ উৎসব পর্ষদের যুগ্ম সদস্য সচিব আমিনুল ইসলাম লিটন পদত্যাগ করেছেন অবশেষে। তিনি উৎসব আয়োজক পর্ষদের আহ্বায়ক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে পদত্যাগপত্র দিয়েছেন।
এ কমিটির সদস্য সচিব ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী পদত্যাগের খবর নিশ্চিত করে সমকালকে বলেন, অনুলিপির একটি কপি আমাকেও দিয়েছেন লিটন। এখন পদত্যাগের বিষয়টি আহ্বায়ক হিসেবে সাবেক অর্থমন্ত্রী মুহিত দেখবেন।
সোমবার পর্ষদের কমিটি পুনর্গঠন উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়াকে 'প্রধানমন্ত্রী' উল্লেখ করে আমিনুল ইসলাম লিটন ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এ সময় তার বিরুদ্ধে বিএনপি-জামায়াত সংশ্নিষ্টতার অভিযোগ করে তাকে সরিয়ে দেওয়ার দাবিতে তুমুল হট্টগোল বাধে।
এর পর লিটন 'ভুল হয়েছে' দাবি করে ক্ষমা প্রার্থনা করলেও সিলেটে সাংস্কৃতিক-সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়। এ আলোচনা-সমালোচনার মধ্যে সোমবার রাতেই লিটন আহ্বায়কের কাছে পদত্যাগপত্র দেন বলে জানান মেয়র আরিফ।
গত ১০ অক্টোবর ১৪ দলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ নেতা কামরানের প্রস্তাবনা অনুযায়ী গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতিকে সদস্য সচিব করার কথা বলা হয়েছিল।
১৯১৯ সালের নভেম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট আগমনের শতবর্ষ স্মরণে কয়েক মাস আগে থেকেই উৎসবের উদ্যোগ নেওয়া হয়। আগামী ৭ ও ৮ নভেম্বর অনুষ্ঠিতব্য এ উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
নাট্য ও সংস্কৃতিকর্মীদের প্রস্তুতি সভা: এদিকে, রবীন্দ্র স্মরণোৎসব সফল ও সার্থক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে স্বাগত জানিয়ে প্রস্তুতি সভা করেছেন স্থানীয় নাট্য ও সংস্কৃতিকর্মীরা।
সোমবার রাতে নগরীর সারদা হলে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের মহড়াকক্ষে নাট্যজন অধ্যাপক সুনির্মল কুমার দেব মীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তর পরিচালনায় বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি আমিনুল ইসলাম লিটন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিসফাক আহমদ মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম, রবীন্দ্র সংগীতশিল্পী রানা কুমার সিনহা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল প্রমুখ।
এছাড়া সিলেটে রবীন্দ্রনাথ স্মরণোৎসবে বিতর্কিত ব্যক্তিদের সম্পৃক্ততা এবং
এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ
করে দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ
সমাবেশ হয়েছে। সিলেটের সর্বস্তরের সংক্ষুব্ধ সংস্কৃতিক কর্মীদের ব্যানারে এ
কর্মসূচি পালিত হয়।
- বিষয় :
- সিলেট
