বোকা বানিয়ে আবারও নির্বাচন করতে চাচ্ছে আ.লীগ: চরমোনাই পীর
মুন্সীগঞ্জে চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম। ছবি: সমকাল
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ১৪:০৯ | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ | ১৪:০৯
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেছেন, ‘২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন দেখেছি। শেখ হাসিনা বলেছিলেন নির্বাচনে আসেন, সুষ্ঠু নির্বাচন করব। কিন্তু রাতেই ভোট বাক্স ভরে ফেলে। একজন প্রধানমন্ত্রী এমন মিথ্যাচার করেছিলেন। ২০২৪ সালের নির্বাচনও সুষ্ঠু করার কথা বলছে। আমাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আবার নির্বাচন করতে চাচ্ছে আওয়ামী লীগ সরকার। আমরা আর বোকা হব না। যারা ক্ষমতায় রয়েছে, তাদের হস্তক্ষেপ ভেঙে চুরমার করে দেব।’
সোমবার বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালী এলাকায় জেলা ইসলামী আন্দোলন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, এমন একটা নির্বাচন হতে হবে, যে নির্বাচন হবে স্বচ্ছ ও সুষ্ঠু। যুক্তরাষ্ট্রও তাই বলছে। অথচ আওয়ামী লীগ নেতারা বলছেন, বিদেশিরা কেন হস্তক্ষেপ করছে, ভিসা নিষেধাজ্ঞা আসছে।
আজ দেশের বারোটা বেজে গেছে দাবি করে মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেন, যদি গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে যায় আর আমাদের যারা যুক্তরাষ্ট্রে আছে, তাদের কাজকর্ম বন্ধ হয়ে যায় তাহলে দেশের পরিস্থিতি খারাপ হয়ে যাবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি কেএম আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি শাহাদাত হোসেনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহাম্মাদ, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন সাকী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মো. নেসারউদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় অর্থ ও প্রকাশনা সম্পাদক কেএম বিল্লাল হোসেন প্রমুখ।
- বিষয় :
- চরমোনাই পীর
- নির্বাচন
- আওয়ামী লীগ
- যুক্তরাষ্ট্র
