ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আ’লীগ দেশপ্রেমিক নয়, ক্ষমতাপ্রেমিক: চরমোনাই পীর

আ’লীগ দেশপ্রেমিক নয়, ক্ষমতাপ্রেমিক: চরমোনাই পীর
×

নগরীর অশ্বিনী কুমার হল চত্বরের সমাবেশে বক্তব্য দেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি: সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩ | ১৫:০৯ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ | ১৫:১১

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আবারও অবৈধভাবে ক্ষমতায় আসার জন্য আওয়ামী লীগ ভারতের স্বার্থ রক্ষায় নানা উদ্যোগ নিয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দায়িত্বশীলরা বলছেন, ‘দিল্লী আছে তো আমরা আছি।’ তাদের এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি। তারা প্রমাণ করে দিয়েছেন, আওয়ামী লীগ দেশপ্রেমিক নয়, ক্ষমতাপ্রেমিক।

বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে ইসলামী আন্দোলনের জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমোনই পীর এসব কথা বলেন। জাতীয় সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন এ সমাবেশ করে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

নিজের শহরে জনসভায় কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। বেলা ২টার পর থেকে জেলার প্রত্যন্ত এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল অশ্বিনী কুমার হল চত্বরে আসতে শুরু করে।

চরমোনাই পীর বলেন, আওয়ামী লীগের নিজেদের অস্তিত্ব রক্ষায় দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। আগে আমলাদের ওপর ভর করে ক্ষমতায় এসেছে, তাই আমলারা এখন সর্বোচ্চ ক্ষমতাধর, এমপিদের কথাও শোনেন না। আগামীতে অন্য কোনো রাষ্ট্রের ওপর ভর করে ক্ষমতায় এলে সেই সরকারেরও নিজস্ব শক্তি থাকবে না। ওই রাষ্ট্রের কথা শুনতে হবে।

তিনি বলেন, মানুষ রক্তপাত চায় না। সবাই চাচ্ছেন, শান্তিপূর্ণভাবে যেন আওয়ামী লীগ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করেন। কিন্ত তারা ক্ষমতায় থাকার জন্য দেশকে যেভাবে ধবংসের পথে নিয়ে যাচ্ছেন, তার দায় আওয়ামী লীগকেই নিতে হবে।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, বর্তমান নির্বাচন কমিশনের বাহ্যিক চেহারা যত সুন্দর, তাদের ভেতরটা তত বেশী অসুন্দর। এই কমিশন দিয়ে দেশে গ্রহণযোগ্য নির্বাচন হবে না।

সমাবেশে আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশ্রাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, উপদেষ্টা মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মো. শরিফুল ইসলাম রিয়াদ। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মুফতি সৈয়দ এছাহাক মুহাম্মদ আবুল খায়ের।

আরও পড়ুন

×