তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার প্রধান আসামি রহমত আলী। ছবি: সমকাল
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩ | ১৮:২৯ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ | ১৮:২৯
বাগেরহাটের রামপালে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি রহমত আলীকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার গভীর রাতে গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে র্যাব তাকে রামপাল থানায় হস্তান্তর করে। এই নিয়ে মামলার তিন আসামিকেই গ্রেপ্তার করা হযেছে।
রহমত রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের রনসেন মোড় এলাকা থেকে রহমত আলী ও শেখ রাসেল শেখ নামের দুই যুবক এক কিশোরীকে তুলে নিয়ে উপজেলার বড় দুর্গাপুর পুটিমারি এলাকার একটি ঘেরে নিয়ে যায়। সেখানে তিন জন ওই কিশোরীকে ধর্ষণ করে। রাত ৭টার দিকে কাউকে কিছু না বলার শর্তে ওই কিশোরীকে বাড়িতে পাঠিয়ে দেয় তারা। ওই রাতেই ভুক্তভোগী কিশোরীর মামা বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। একদিন পর রামপাল থানা-পুলিশ শেখ রাসেল শেখ (২৬) ও রাকিব হোসেন সজলকে (২৫) গ্রেপ্তার করে।
রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম বলেন, রহমত আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
- বিষয় :
- বাগেরহাট
- কিশোরী
- ধর্ষণ
- আসামি গ্রেপ্তার
