অপহৃত বিএনপি নেতার মরদেহ উদ্ধার
দ্বীপময় তালুকদার
রাঙামাটি অফিস
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ২২:৩৫ | আপডেট: ২২ অক্টোবর ২০১৯ | ২২:৪৫
রাঙামাটির রাজস্থলীতে অপহরণের পর বিএনপি নেতা দ্বীপময় তালুকদারের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার তাইতং পাড়ার জিরোমাইল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দ্বীপময় ৩৩৩ নম্বর ঘিলাছড়ি মৌজার প্রধান ও উপজেলা শাখার সহ-সভাপতি ছিলেন। তার মৃত্যুতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জানা গেছে, মঙ্গলবার সেনাবাহিনীর ২৬ ইসিবির মাধ্যমে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের তাইতং পাড়ার এলাকা সড়কের কাজ তদারকি শেষে তিনজনকে সঙ্গে নিয়ে দ্বীপময় বাড়ি ফিরছিলেন। এসময় জিরোমাইল এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে তাকে অপহরণ করে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তাইতং পাড়ার নারাইছড়ি-হলোদিয়া এলাকায় দ্বীপময়ের মরদেহ স্থানীয় লোকজন দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমেদ খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
- বিষয় :
- রাঙামাটি
- মরদেহ উদ্ধার
- বিএনপি নেতা
- অপহরণ
