খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩ | ০২:৩৮ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৩ | ০২:৩৮
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরের পানিতে ডুবে ইসমাইল ও সাদিয়া নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ইসমাইল (৬) সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের মো. মুনির মিয়ার ছেলে এবং একই এলাকার শাহাবাজ আলীর মেয়ে সাদিয়া (৫)।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম সমকালকে জানান, বিকেল ৩টার দিকে উপজেলার গলানিয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে পুকুর পাড়ে খেলছিল ওই দুই শিশু। পরে তাদের দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা তাদেরকে পুকুর থেকে উদ্ধার করে। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
- সরাইল
- কালিকচ্ছ
- পুকুরে ডুবে
